ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে শুক্রবার ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগ ঢাকা জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ এমপি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির নৃত্য বিভাগের ক্ষুদে শিক্ষার্থী জুওয়ানা মোস্তাফিজ।
অনুষ্ঠানটির পরিকল্পনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ঢাকা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মমিনুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান পিপিএম (বার) এবং ঢাকা মহানগরের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. শফিকুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা জেলার সিভিল সার্জন ডা. আবুল ফজল মো. সাহাবুদ্দিন খান, স্থানীয় সরকারের উপপরিচালক মো. আবু জাফর রিপনসহ জেলা পর্যায়ের কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ বলেন, শিশুদের জন্য বঙ্গবন্ধু ছিলেন নিবেদিতপ্রাণ। তারই সুযোগ্য কন্যা শেখ হাসিনা দেশকে আগামী দিনের শিশুদের জন্য বিনির্মাণ করছেন। তিনি শিশুদের মধ্যে বঙ্গবন্ধুর সুমহান আদর্শকে ছড়িয়ে দিতে সবার প্রতি আহ্বান জানান।

জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান বলেন, বঙ্গবন্ধুর ব্যক্তিত্ব ছিল পর্বতের মতো বিশাল কিন্তু তার হৃদয় ছিল শিশুদের মতোই কোমল। শিশুদের জন্য বঙ্গবন্ধুর ভালোবাসা ছিল অপরিসীম।

তিনি শিশুদের আগামী দিনের যোগ্য নেতৃত্বের জন্য গড়ে তোলার প্রতি গুরুত্ব আরোপ করেন। তারই অংশ হিসেবে আজকের অনুষ্ঠানে সভাপতি করা হয়েছে বাংলাদেশ শিশু একাডেমির নৃত্য বিভাগের শিক্ষার্থী জুওয়ানা মোস্তাফিজকে; যার বয়স মাত্র ৯ বছর।

আলোচনা অনুষ্ঠান শেষে শিশুদের সঙ্গে নিয়ে কেক কাটা হয়। পরে জাতীয় শিশু একাডেমির শিশুদের অংশগ্রহণে এবং জাতীয় শিশু একাডেমির আয়োজনে অনুষ্ঠিত হয় একটি মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights