যুক্তরাষ্ট্র ও তার নাগরিকদের সমর্থন চাইলেন নেতানিয়াহু

অনলাইন ডেস্ক

ইরানের সঙ্গে চলমান সংঘাতে মার্কিন যুক্তরাষ্ট্র প্রশাসন ও দেশটির নাগরিকদের সমর্থন চেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

শনিবার ইংরেজিতে দেওয়া এক ভিডিওবার্তায় মার্কিন নাগরিকদের উদ্দেশে নেতানিয়াহু বলেন, যারা আমাদের শত্রু, তারা আপনাদেরও শত্রু।

ভিডিওর শুরুতেই তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং ২৫০ বছর ধরে ‘স্বাধীনতা রক্ষায়’ মার্কিন সেনাদের ভূমিকার প্রশংসা করেন।

এরপর নেতানিয়াহু বলেন, ইসরায়েলি সেনাবাহিনীও মধ্যপ্রাচ্যে স্বাধীনতা রক্ষায় লড়ছে। এ সময় তিনি ইরানের সরকারকে ‘নির্মম ও দমনমূলক শাসকগোষ্ঠী’ হিসেবে অভিহিত করেন।

যুক্তরাষ্ট্রের জনগণের উদ্দেশে নেতানিয়াহু বলেন, আমাদের শত্রুই আপনাদের শত্রু। ভবিষ্যতে যা আমাদের সবার জন্য হুমকি হয়ে উঠতে পারে, সেটিকে আগেভাগে মোকাবিলা করা… আমরা সেটাই করছি।

নেতানিয়াহুর দাবি, ইসরায়েল যদি আগ্রাসন না চালাতো, তবে ইরান তার অনুগত গোষ্ঠী যেমন হিজবুল্লাহ ও হামাসকে পারমাণবিক অস্ত্র দিয়ে সজ্জিত করতো। তবে এই দাবির পক্ষে কোনো নির্দিষ্ট প্রমাণ তুলে ধরেননি তিনি।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ‘মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্পষ্ট সমর্থন’ এবং মার্কিন জনগণ ও বিশ্বের বহু দেশের সমর্থন নিয়েই আমরা এটি করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights