হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে ফিরোজায় ফিরলেন খালেদা জিয়া

এভারকেয়ার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা শেষে গুলশানের ‘ফিরোজা’তে নিজ বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত ১২টার দিকে তিনি বাসায় পৌঁছান।

তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী ম্যাডামের কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। বোর্ড সিদ্ধান্ত নিয়েছে, তিনি বাসাতেই চিকিৎসা সেবা নেবেন। এতে তার শারীরিক অবস্থার আরও উন্নতি হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে সোমবার সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া।

লন্ডনে চার মাস উন্নত চিকিৎসা শেষে গত ৬ মে দেশে ফেরেন বিএনপি চেয়ারপারসন। ঢাকায় ফেরার পর থেকে ‘ফিরোজা’য় অবস্থান করছেন তিনি। এ সময় এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড তার চিকিৎসা সেবা দিচ্ছে।

এর আগে সর্বশেষ ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন তিনি। লন্ডনে অবস্থানকালে ‘লন্ডন ক্লিনিক’-এর বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নেও তার চিকিৎসা হয়েছিল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights