খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে : ডা. জাহিদ

মেডিকেল বোর্ডের পরামর্শে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সেই অনুযায়ী চিকিৎসাও শুরু হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বুধবার রাত সোয়া ১২টার দিকে রাজধানীর গুলশানে বেগম খালেদা জিয়ার বাসার সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ তথ্য জানান।

ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, মেডিকেল বোর্ডের পরামর্শে বেগম খালেদা জিয়াকে কিছু রুটিন চেকআপ করার জন্য নিয়ে যাওয়া হয়। স্বাস্থ্য পরীক্ষা করার পরে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী চিকিৎসায় কিছুটা পরিবর্তন আনা হয়েছে এবং হাসপাতাল থেকেই চিকিৎসা দেওয়া শুরু হয়েছে। মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে সেই চিকিৎসা বাসায় চলবে। বেগম জিয়ার শারীরিক অবস্থা মোটামুটি স্থিতিশীল। বেগম খালেদা জিয়া দেশবাসীর কাছে ওনার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

এর আগে, বুধবার সন্ধ্যায় ৬টা ৫০ মিনিটে খালেদা জিয়া তার ভাড়া বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান। পরে স্বাস্থ্য পরীক্ষা শেষে রাত ১২টার দিকে বাসায় পৌঁছান তিনি।

প্রসঙ্গত, গত ৬ মে লন্ডনে চার মাস উন্নত চিকিৎসা শেষে দেশে ফেরেন খালেদা জিয়া।

ঢাকায় আসার পর ‘ফিরোজা’য় এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধায়নে একটি মেডিকেল বোর্ড তাকে চিকিৎসা সেবা দিচ্ছে।

লন্ডনে ‘লন্ডন ক্লিনিকে বিশেষ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা হয়। লন্ডন যাওয়ার আগে সর্বশেষ ১২ সেপ্টেম্বর এভারকেয়ার হাসপাতালে গিয়ে ছিলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights