আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধের পর এবার দর্শকদের বিরুদ্ধেও পদক্ষেপের হুমকি
অনলাইন ডেস্ক
আলজাজিরা টিভি চ্যানেলের সম্প্রচার দেখাকে ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি’ উল্লেখ করে দর্শকদের পুলিশে জানানোর আহ্বান জানিয়েছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা বিষয়ক মন্ত্রী এবং কট্টর ডানপন্থী রাজনীতিক ইতামার বেন-গাভির। শনিবার দেওয়া এক সংক্ষিপ্ত সংবাদ বিবৃতিতে তিনি বলেন, ‘যদি কেউ আলজাজিরা দেখে, তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। পুলিশকে অবশ্যই অবহিত করতে হবে।’
আলজাজিরা তাদের সরাসরি সম্প্রচারে মন্ত্রীর এই বক্তব্য প্রচার করে। মুহূর্তের মধ্যেই সেটি আন্তর্জাতিক মহলে আলোচনার কেন্দ্রে পরিণত হয়।
এর আগে ২০২৪ সালের মে মাসের শুরুতে ইসরায়েল সরকার ‘জাতীয় নিরাপত্তা সুরক্ষা’-র কারণ দেখিয়ে আলজাজিরার রিপোর্টার, প্রযোজক, ক্যামেরাম্যান ও অন্যান্য কর্মীদের দেশ থেকে সংবাদ সংগ্রহের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে ফিলিস্তিনি কর্তৃপক্ষও পশ্চিম তীরে আলজাজিরার সম্প্রচার নিষিদ্ধ করে, ফলে অঞ্চলটিতে চ্যানেলটির কার্যক্রম পুরোপুরি বন্ধ হয়ে যায়।
এই সিদ্ধান্তের ফলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, ইসরায়েলের এই সিদ্ধান্ত সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের পরিপন্থী। তবে মন্ত্রী বেন-গাভিরের দাবি, ‘আলজাজিরা শুধুমাত্র সাংবাদিকতা করছে না, বরং সন্ত্রাসে উসকানি দিচ্ছে।’
বর্তমানে আলজাজিরার কোনো প্রতিনিধি বা ক্যামেরা টিম ইসরায়েল ও অধিকৃত পশ্চিম তীরে কাজ করতে পারছে না। তবে তারা এখনও বিশ্বব্যাপী নিজস্ব নেটওয়ার্কের মাধ্যমে ইসরায়েল-ফিলিস্তিন পরিস্থিতি নিয়ে সংবাদ প্রচার অব্যাহত রেখেছে।
