যুক্তরাষ্ট্র ‘পরমাণু হামলার জবাব দেবে’ শুনেই ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া!

অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় সম্ভাব্য পারমাণবিক হামলার জবাবে উত্তর কোরিয়ায় পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দেয়ার পরপরই, রাজধানী পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে অন্তত ১০টি মাল্টিলঞ্চার ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া। গতকাল বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে জানিয়েছে একাধিক আন্তর্জাতিক গণমাধ্যম।

দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার পরিচালক এক বিবৃতিতে জানান, ‘যদি কিম জং উনের নেতৃত্বাধীন উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ায় পারমাণবিক হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র চুপ করে থাকবে না। ওয়াশিংটন পাল্টা পারমাণবিক হামলা চালাবে।’ তিনি আরও বলেন, ‘এ ধরনের পরিস্থিতি সরাসরি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার মধ্যে থাকা নিরাপত্তা জোটের আওতায় পড়ে।’

এই হুঁশিয়ারি আসার পরই ক্ষেপণাস্ত্র ছোড়ে উত্তর কোরিয়া। পিয়ংইয়ংয়ের সুনান এলাকা থেকে উত্তর-পশ্চিম দিকে ছোড়া হয় ১০টি মাল্টিলঞ্চার ক্ষেপণাস্ত্র। দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা সূত্র জানায়, এগুলো স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হিসেবে বিবেচিত।

উল্লেখ্য, আন্তর্জাতিক নিষেধাজ্ঞা উপেক্ষা করে দীর্ঘদিন ধরেই পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। যদিও সম্প্রতি তারা আনুষ্ঠানিকভাবে কোনো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়নি, তবে কিম প্রশাসন বারবার বলছে, তারা নিজেদের সার্বভৌমত্ব ও জনগণের নিরাপত্তার জন্য এসব অস্ত্র তৈরি করছে। দক্ষিণ কোরিয়ার এই সর্বশেষ কূটনৈতিক ও সামরিক হুঁশিয়ারির পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights