নোবেল ‘জাতীয় বেয়াদব’: রবি চৌধুরী

ভারতের রিয়েলিটি শো ‘সারেগামাপা’ থেকে তারকা খ্যাতি পাওয়া গায়ক মাইনুল আহসান নোবেল নানা বিতর্ক ও সমালোচনার মুখে পড়েছেন বহুবার। সুরেলা কণ্ঠের জন্য পরিচিত হলেও এখন তার নামের সঙ্গে যুক্ত হয়েছে ধর্ষণ মামলার আসামির পরিচয় এবং সবশেষ ‘জাতীয় বেয়াদব’ উপাধি। এই কটাক্ষ ছুড়েছেন বাংলাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রবি চৌধুরী।

গত ১৮ জুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে রবি চৌধুরী লেখেন, “এই গানটি নোবেল গ্রেপ্তার হয়ে আবার প্রমাণিত হলো, সত্যি সে ‘জাতীয় বেয়াদব’।”

তিনি আরও লেখেন, “নতুন প্রজন্মের আরও যারা বেয়াদব আছেন, যারা সিনিয়রদের সম্মান করেন না, তাদের গায়েও লাগবে এই গান। কিচ্ছু করার নেই। সময় থাকলে শুনে দেখুন। গায়ক-গায়িকা না হয়ে সবাই শিল্পী হও।”

উল্লেখ্য, ২০২০ সালে ‘জাতীয় বেয়াদব’ শিরোনামে একটি ব্যঙ্গাত্মক গান প্রকাশ করেন রবি চৌধুরী। ওই গানে গুরুজনদের সম্মান না করা, অহংকারী আচরণকে বিদ্রুপ করে উপস্থাপন করা হয়। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে সেই গানটির লিংকও শেয়ার করেন তিনি।

রবির এই পোস্টে সহমত জানিয়ে মন্তব্য করেন আরও এক গায়ক শুভ্র দেব। তিনি লেখেন, “ভালো বলেছো।”

প্রসঙ্গত, গত ১৯ মে দিবাগত রাতে রাজধানীর ডেমরা থানা পুলিশ সমালোচিত ও বিতর্কিত গায়ক নোবেলকে গ্রেপ্তার করে। এক নারীকে বাসায় সাত মাস আটকে রেখে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়। সেখানেই বিয়েও করেন নোবেল।

নোবেল এর আগে নানা বিতর্কিত মন্তব্য, কনসার্টে অসৌজন্যমূলক আচরণ ও বিভিন্ন প্রতারণার অভিযোগে একাধিকবার আলোচনায় আসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights