ঢাকা মেডিকেল কলেজ শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম

অনলাইন ডেস্ক

আবাসন সংকট নিরসনে জরুরি পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) শিক্ষার্থীরা। তারা আগামীকাল সোমবার দুপুর ১২টার মধ্যে স্বাস্থ্য উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কলেজে এসে হলের অবস্থা পরিদর্শন এবং শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক করে পাঁচ দফা দাবির বাস্তবায়নে একটি স্পষ্ট রোডম্যাপ উপস্থাপনের আহ্বান জানিয়েছেন।

আজ রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজ প্রশাসন ও আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধিদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকের পর এই আল্টিমেটাম দেওয়া হয়।

কেএ-৭৮ ব্যাচের শিক্ষার্থী তৌহিদুল আবেদিন তানভীর বলেন, ‘আমরা আমাদের দাবিগুলোর অগ্রগতি জানতে চেয়েছিলাম, কিন্তু আবারও আজ হল খালি করতে বলা হয়েছে। আমাদের দাবিগুলোর বিষয়ে কোনো সুনির্দিষ্ট আশ্বাস দেওয়া হয়নি। আমরা এই নির্দেশ প্রত্যাখ্যান করেছি এবং প্রশাসনকে জানিয়েছি, আমরা আন্দোলনের সময় হলে অবস্থান করব।’

তিনি আরও বলেন, ‌‘আগামীকাল দুপুরের মধ্যে উপদেষ্টা ও সংশ্লিষ্ট কর্মকর্তারা যদি কলেজে এসে সমাধানের নির্দিষ্ট পরিকল্পনা না দেন, তাহলে আমরা আন্দোলন আরও জোরদার করব।’

আজ দুপুর ১২টা ৪৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. কামরুল আলম এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ‘পরিত্যক্ত হল ব্লকগুলোতে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। আমরা সেই ঝুঁকি নিতে রাজি নই। শিক্ষার্থীরা যদি হল খালি করে নতুন বরাদ্দ প্রক্রিয়ায় সহযোগিতা করে, তবে আমরা একাডেমিক কার্যক্রম চালু করতে পারব।’

তিনি জানান, নতুন একটি হল নির্মাণের প্রস্তাব ইতোমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং অন্য দুটি মেডিকেল কলেজের জন্য বরাদ্দ দুটি হল প্রকল্প এখন ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) পুনঃবরাদ্দ করা হয়েছে। তবে প্রকল্পগুলো জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

অধ্যক্ষ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত হলেও তাৎক্ষণিক সমাধান সম্ভব নয়। এসব প্রক্রিয়া সময়সাপেক্ষ। নিরাপত্তা নিশ্চিত করতে এবং কলেজে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে একাডেমিক কাউন্সিল একাডেমিক কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।’

শিক্ষার্থীরা নতুন হলের বাজেট পাস, বিকল্প আবাসনের ব্যবস্থা, পুরাতন একাডেমিক ভবন পরিত্যক্ত ঘোষণা ও নতুন ভবনের বাজেট অনুমোদনের দাবি জানিয়ে পাঁচ দফা দাবিতে আন্দোলন করছেন।

গতকাল কলেজ কর্তৃপক্ষ এই আন্দোলনের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য একাডেমিক কার্যক্রম স্থগিত ঘোষণা করে। শিক্ষার্থীদের আজ দুপুর ১২টার মধ্যে হল খালি করার নির্দেশ দেওয়া হয়। আন্দোলন দমন চেষ্টার অংশ হিসেবে শিক্ষার্থীরা এ নির্দেশ প্রত্যাখ্যান করেছেন।

উল্লেখ্য, ২৮ মে থেকে পাঁচ দফা দাবিতে শুরু হওয়া এই আন্দোলনের ধারাবাহিকতায় ৬ জুন থেকে শিক্ষার্থীরা অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জন করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights