বৈদ্যুতিক গোলযোগে হঠাৎ অন্ধকারে ঢাকার উল্লেখযোগ্য অংশ

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে শহরের কয়েকটি এলাকা। রবিবার রাত ৯টা ৫০ এর দিকে এই গোলযোগের ঘটনা ঘটে।

রাত ১১টা ৪৫ মিনিটে বিদ্যুৎ সরবরাহ শুরু করে পিজিসিবি। এরপর বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলো ধাপে ধাপে সকল এলাকায় সংযোগ পুনঃস্থাপন করতে শুরু করে।

এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, রামপুরায় পিজিসিবির একটি সাবস্টেশনে ‘টেকনিক্যাল ব্লিচ’ হয়েছে। এর ফলে এই সাবস্টেশনের আওতাধীন এলাকাগুলোতে বিদ্যুৎ চলে যায়।

এর আগে, বিদ্যুৎ উপদেষ্টা ফাওজুল কবির খান এরই মধ্যে জানিয়েছেন যে, আধাঘন্টা থেকে এক ঘন্টা লাগবে এই ত্রুটি সারাতে। চেষ্টা করা হচ্ছে যে লাইন থেকে সাবস্টেশনের লাইন এসেছে এটিকে বাইপাস করে অন্য কোন লাইন দিয়ে আপাতত ত্রুটি মেরামত করার। পরে সময় নিয়ে সাবস্টেশনের যে অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে তা ঠিক করা হবে।

এই বিভ্রাটের কারণে রাজধানীর গুলশান, কারওয়ানবাজার, রামপুরা, হাতিরঝিল, ফার্মগেট, মগবাজার, বনানী, মধুবাগ, মালীবাগসহ উল্লেখযোগ্য এলাকায় বিদ্যুৎ চলে যায়।

সরেজমিনে রাজধানীর গুলশান-১ ও ২, মহানগর প্রজেক্ট, মধুবাগ, মগবাজার, বাংলামোটর, কারওয়ান, হাতিরপুল এলাকা বিদ্যুৎ বিচ্ছিন্ন দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights