মব জাস্টিস কোনোভাবেই গ্রহণযোগ্য নয় :স্বরাষ্ট্র উপদেষ্টা
কালিয়াকৈর (গাজীপুর) স্টাফ রিপোর্টার
স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব জাস্টিস, গণপিটুনি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ কে এম নূরুল হুদার ওপর যা ঘটেছে, তা নিন্দনীয় কোনো অবস্থাতেই মেনে নেওয়া যায় না।
সোমবার (২৩ জুন) সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হর্টিকালচার সেন্টার পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সামনেই ওই হামলার ঘটনা ঘটেছে। বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। এ ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হবে। তদন্তে যারা জড়িত পাওয়া যাবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। যদি কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য জড়িত থাকে, তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, যদি কেউ অপরাধ করে, তাহলে আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তাকে তুলে দিতে হবে। বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
কৃষিজমি সুরক্ষায় আসছে নতুন আইন
কৃষিজমি রক্ষার বিষয়ে তিনি বলেন, কৃষিজমি সুরক্ষার জন্য একটি আইন প্রণয়ন করা হচ্ছে, যাতে কৃষিজমি দখল, অনাবাদি না থাকে। আমাদের দেশ থেকে অনেক দেশি ফল হারিয়ে যাচ্ছে। সবাইকে সচেতন হতে হবে বেশি করে দেশি ফলের গাছ রোপণ করতে হবে।
উপস্থিত ছিলেন প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা পরিদর্শনকালে গাজীপুরের জেলা প্রশাসক নাফিজা আরেফীন,পুলিশ সুপার চৌধুরী মো. যাবের সাদেক, কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, হর্টিকালচার সেন্টারের উপপরিচালক এনামুল হক, কালিয়াকৈর থানার ওসি আবদুল মান্নান,মৌচাক পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুস সেলিমসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সকাল সাড়ে ১০টায় মৌচাক হর্টিকালচার সেন্টারে পৌঁছান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরিদর্শন শেষে তিনি টাঙ্গাইলের উদ্দেশে যাত্রা করেন। সেখানে পুলিশ ট্রেনিং সেন্টার (পিটিসি) পরিদর্শন জেলা প্রশাসক কার্যালয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন।
