আকাশপথে শিডিউল বিপর্যয়

নিজস্ব প্রতিবেদক
কাতারে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর দেশটি তার আকাশসীমা হঠাৎ সাময়িক বন্ধ ঘোষণা করে। এ সময় ঢাকা থেকে কাতারের উদ্দেশে আকাশে ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস এবং ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি ফ্লাইট। আকাশসীমা বন্ধ ঘোষণার পর বিকল্প সিদ্ধান্ত হিসেবে ফ্লাইট দুটি যাত্রী নিয়ে ভিন্ন দুই গন্তব্যে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। আকাশে থাকা দেশ-বিদেশের এমন কয়েক শ ফ্লাইট একই পরিস্থিতির শিকার হয়ে বিভিন্ন গন্তব্যে জরুরি অবতরণ করে। এরপর একে একে বন্ধ হতে থাকে আরব আমিরাত, কুয়েত ও বাহরাইনের আকাশপথ। মধ্যপ্রাচ্যের আকাশপথ বন্ধ হয়ে যাওয়ায় ফ্লাইট সিডিউল লন্ডভন্ড হয়ে পড়ে। শুধু ঢাকাতেই ১১টি ফ্লাইট শিডিউল বিপর্যস্ত হয়। চরম হয়রানির শিকার হন যাত্রীরা। যদিও সোমবার মধ্যরাত থেকে আকাশপথ খুলে দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন ও কাতার তাদের আকাশপথ আংশিকভাবে সাময়িক বন্ধ রাখে। ফলে ঢাকা থেকে এসব দেশের নির্দিষ্ট রুটে যাতায়াতকারী একাধিক ফ্লাইট সময়মতো পরিচালনা করা সম্ভব হয়নি। বিলম্বিত ফ্লাইটগুলোর তালিকায় ছিল ঢাকা থেকে শারজাহগামী এয়ার এরাবিয়ার দুটি ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইনসের একটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, ঢাকা থেকে কুয়েতগামী জাজিরা এয়ারওয়েজের দুটি, ঢাকা থেকে দোহাগামী কাতার এয়ারওয়েজের দুটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের একটি, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানান, কিছু ফ্লাইট বিকল্প রুট বা নির্ধারিত সময় পর যাত্রা শুরু করে। তবে যাত্রীদের যাতে সর্বশেষ তথ্য জানা থাকে, সে জন্য তাদের নিজ নিজ এয়ারলাইনসের অফিস বা হটলাইনে যোগাযোগের অনুরোধ জানানো হয়েছে। তিনি আরও জানান, এ অবস্থায় যাত্রীদের ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে এবং সবাইকে সতর্কভাবে ভ্রমণের আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। তবে ওমান, সৌদি আরব, লেবানন ও জর্ডানের মতো মধ্যপ্রাচ্যের অন্যান্য গন্তব্যে ফ্লাইট চলাচল ছিল স্বাভাবিক।

বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানায়, কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। এতে এ অঞ্চলের বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার দিবাগত রাত ৩টার পর থেকে বিমান চলাচল শুরু হয়। এর আগে, চলমান বৈশ্বিক পরিস্থিতির কারণে সাময়িকভাবে তাদের আকাশসীমা বাণিজ্যিক ফ্লাইট চলাচলের জন্য বন্ধ ঘোষণা করে কাতার, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও বাহরাইন। এরপর সোমবার বাংলাদেশ সময় রাত ৩টার পর থেকে আকাশসীমা পুনরায় উন্মুক্ত করার কথা জানায় ওই দেশগুলো। বর্তমানে দোহা, দুবাই, আবুধাবি, কুয়েত ও বাহরাইন রুটে সব বাণিজ্যিক ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হচ্ছে। এ প্রেক্ষাপটে নিজ নিজ এয়ারলাইনস অফিস বা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের হালনাগাদ সময়সূচি ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্য সম্পর্কে জানতে এবং ভ্রমণ কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights