স্কুল ফিডিং কর্মসূচি থেকে বাদ পড়ায় ফুলবাড়ীতে মানববন্ধন, স্মারকলিপি

কুড়িগ্রাম প্রতিনিধি:
স্কুল ফিডিং কর্মসূচি থেকে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাম বাদ পড়ার প্রতিবাদে এবং দ্রুত অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করেছেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকেল চারটায় ফুলবাড়ী উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে ফুলবাড়ী-নাগেশ্বরী সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধনে উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

জানা গেছে, সম্প্রতি দেশের ১৫০টি উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় আনা হলেও কুড়িগ্রামের ফুলবাড়ী ও উলিপুর উপজেলার নাম তালিকায় না থাকায় ক্ষোভ প্রকাশ করেন এলাকাবাসী। যদিও জেলার সাতটি উপজেলা এ কর্মসূচির আওতায় এসেছে, তবে নদীবেষ্টিত, অবহেলিত ও অনগ্রসর জনগোষ্ঠী অধ্যুষিত ফুলবাড়ী উপজেলা বাদ পড়ায় তা অযৌক্তিক বলে মনে করছেন শিক্ষক-অভিভাবকরা।

দক্ষিণ কুটিচন্দ্রখানা জেলেপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদী হাসানের সঞ্চালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন নাওডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাদা খন্দকার, দক্ষিণ মরানদী বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, রোশন শিমুলবাড়ী বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসু, ফুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা বেগম, উপজেলা জামায়াতের আমির মাও. আব্দুল মালেক, স্কাউটস সম্পাদক ইকবাল হোসেন রুকু, শিক্ষক সমিতির সভাপতি গোলাম মোস্তফা, শিক্ষক সমাজের সদস্য সচিব নুর ইসলাম, শিক্ষার্থী নুহা এবং সহকারী শিক্ষক সমাজের আহ্বায়ক গোলাম মর্তুজা বকুল।

বক্তারা বলেন, অবিলম্বে ফুলবাড়ী উপজেলাকে স্কুল ফিডিং কর্মসূচির আওতায় না আনলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। মানববন্ধন শেষে শিক্ষক ও অভিভাবক প্রতিনিধিরা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে শিক্ষা উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights