জাতীয় স্কুল দাবায় সাউথ পয়েন্ট স্কুলের দ্বৈত সাফল্য

জাতীয় হাই স্কুল দলগত দাবা প্রতিযোগিতায় দারুণ সাফল্য দেখিয়েছে রাজধানীর মালিবাগের সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ। স্কুলটির ‘এ’ দল চ্যাম্পিয়ন হয়েছে। পাশাপাশি রানার্সআপ হয়েছে তাদেরই ‘বি’ দল। ‘জাতীয় হাইস্কুল প্রোগ্রামিং ২০২৫’-এ প্রতিযোগিতাটির আয়োজন করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, সহযোগিতায় ছিল বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি)।

প্রতিযোগিতার ফাইনাল রাউন্ডে ছয় খেলায় পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে সাউথ পয়েন্ট স্কুলের ‘এ দল’। পাশাপাশি ‘বি দল’ ৬ খেলায় ১০ পয়েন্ট সংগ্রহ করে রানার্সআপ হয়। একই স্কুলের দুটি দলের শীর্ষ দুই অবস্থান দখল দেশের স্কুল দাবার ইতিহাসে এক বিরল ঘটনা।

চ্যাম্পিয়ন ‘এ দলের’ হয়ে অংশ নেন সিয়াম চৌধুরী, রায়ান রশিদ মুগ্ধ, নারী ক্যান্ডিডেট মাস্টার ওয়ারসিয়া খুশবু ও মাস্টার নীলাভা চৌধুরী। রানার্সআপ ‘বি দলের’ খেলোয়াড়রা হলেন মো. তাহসিনুল হক জোহেব, মুহতাদি তাজওয়ার নাশিদ, জোয়েনা মেহবিশ ও আবরার রিয়াজুল আহনাফ মোহাম্মদ।

এদিকে ৮ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থান লাভ করে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল। এ দলের হয়ে খেলেন দেবলীন সরকার, নৈবেদ্য শ্রেয়ান সাহা, রাফিদ আরিয়ান শুদ্ধ ও এস এম আবিদ বিন গাফ্ফার আবির।

৬ রাউন্ডের সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে দেশের ১৬টি আঞ্চলিক পর্ব থেকে নির্বাচিত মোট ৩৪টি স্কুল দল অংশ নেয়। খেলা শেষে একই মঞ্চে কম্পিউটার প্রোগ্রামিং, দাবা ও কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব। বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী, এনডিসি এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সভাপতি ও সাবেক সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসান। উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইআইটি বিভাগের পরিচালক অধ্যাপক ড. বি এম মাইনুল হোসেন।

এদিকে, এই চ্যাম্পিয়ন সাফল্যের স্বীকৃতিস্বরূপ সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ, মালিবাগ শাখার ‘এ দল’ আগামী ২ থেকে ৭ আগস্ট ২০২৫ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ‘ওয়ার্ল্ড স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ’-এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছে।

শিক্ষার্থীদের এই অসাধারণ অর্জনের জন্য সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এম এ রশিদ, প্রতিষ্ঠানটির অধ্যক্ষ কর্নেল মো. শামসুল আলম (পিএসসি অবসরপ্রাপ্ত), কৃতি দাবাড়ু শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights