চাঁদার দাবিতে রাবিপ্রবি ক্যাম্পাসে সশস্ত্র সন্ত্রাসীদের শোডাউন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রকাশ্যে শোডাউন দিয়েছে সশস্ত্র সন্ত্রাসীরা। চাঁদা না পেয়ে হুমকিও দিয়ে গেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। বন্ধ করে দেওয়া হয় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ। গত বৃহষ্পতিবার মধ্যরাতে শহরের ঝগড়াবিল এলাকায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এঘটনা ঘটে।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের সিসিটিভিতে ধারণকৃত সশস্ত্র সন্ত্রাসীদের ভিডিও ফুটেজে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে উদ্বেগ উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে রাঙামাটিতে।

সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে কিছু যুবক অস্ত্র হাতে প্রবেশ করে। সেখানে থাকা নিরাপত্তা প্রহরিদেরও ভয়ভীতি দেখায়। ভবন নির্মাণের আগে চাঁদার টাকা পরিষদ করতে বলে সশস্ত্র সন্ত্রাসীরা।

অভিযোগ রয়েছে, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মাণ কাজ শুরুর আগে থেকে (নাম প্রকাশে অনিচ্ছুক) ঠিকাদার প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি করে আসছিল সশস্ত্র সন্ত্রাসীরা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভবন নির্মানকারী ঠিকাদার প্রতিষ্ঠান সশস্ত্র সন্ত্রাসীদের চাঁদা না দিয়ে কাজ শুরু করে। এতে ক্ষোভে অস্ত্র সশস্ত্র নিয়ে ক্যাম্পাসে শোডাউন দেয় সন্ত্রাসীরা। এঘটনার পর চাপা আতঙ্ক দেখা দেয় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে।

রাঙামাটি কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহেদ উদ্দীন বলেন, রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী অনুপ্রবেশের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। পুলিশের নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এবং ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়ন্সে বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদ্দাম হোসেন বাদি হয়ে অজ্ঞাতনামা ওই সশস্ত্র সন্ত্রাসীদের নামে অভিযোগ দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights