১৬ মাস পর কিউই শিবিরে মিলনে

অনলাইন ডেস্ক
নিউজিল্যান্ডের জার্সি গায়ে টি-টোয়েন্টিতে আবারও মাঠে নামার হাতছানি অ্যাডাম মিলনের সামনে। এক বছরের বেশি সময় পর এই সংস্করণের দলে ফিরেছেন ৩৩ বছর বয়সী ডানহাতি পেসার।

জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে নিউজিল্যান্ড। হারারেতে অনুষ্ঠেয় সিরিজটির জন্য ১৫ জনের দল দিয়েছে কিউইরা। ত্রিদেশীয় সিরিজে দলে গুরুত্বপূর্ণ কয়েকজনকে পাচ্ছে না নিউজিল্যান্ড। ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য গতিময় পেসার লকি ফার্গুসনকে বিশ্রাম দেওয়া হয়েছে। কাইল জেমিসন প্রথম সন্তান জন্মের অপেক্ষায় আছেন। আর বেন সিয়ার্স চোটের সঙ্গে লড়ছেন।

৫৩ আন্তর্জাতিক টি-টোয়েন্টির সবশেষটি ২০২৪ সালের ফেব্রুয়ারিতে খেলেন মিলনে। অ্যাঙ্কেলে অস্ত্রোপচার করানোয় গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ছিলেন না তিনি। এরপর সেরে উঠে জাতীয় দলে ফেরেন ওয়ানডে দিয়ে, গত নভেম্বরে। এবার ফিরলেন টি-টোয়েন্টিতে দলেও।

আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের অপেক্ষায় থাকা বেভন জ্যাকবসকে দলে ফিরিয়েছে কিউইরা। গত ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে প্রথমবার ডাক পান তিনি। পরে পাকিস্তান সিরিজে ছিলেন না দলে। আইপিএলের সঙ্গে সূচির সংঘর্ষের কারণে পাকিস্তান সিরিজে না খেলা গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, অধিনায়ক মিচেল স্যান্টনার ফিরেছেন দলে। আরও একবার জায়গা হয়নি ডেভন কনওয়ের। গত বিশ্বকাপের পর থেকে এই সংস্করণে দলের বাইরে তিনি।

চলমান মেজর লিগ ক্রিকেটে (এমএলসি) খেলছেন ত্রিদেশীয় সিরিজের নিউজিল্যান্ড দলে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার। ওই প্রতিযোগিতার ফাইনাল হবে আগামী ১৪ জুলাই। ওই দিনই শুরু ত্রিদেশীয় সিরিজটি।

নিউজিল্যান্ড অবশ্য তাদের প্রথম ম্যাচ খেলবে দুই দিন পর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। নিউজিল্যান্ড ক্রিকেট বলেছে, স্কোয়াডের কোনো খেলোয়াড় এমএলসির ফাইনালে খেললে এবং জিম্বাবুয়েতে সময়ের মধ্যে পৌঁছাতে না পারলে বদলি ক্রিকেটারের নাম জানানো হবে। ত্রিদেশীয় সিরিজের পর জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলবে কিউইরা।

নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, জ্যাকব ডাফি, জ্যাক ফউকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, উইল ও’রোক, গ্লেন ফিলিপস, রাচিন রাভিন্দ্রা, টিম সাইফার্ট, ইশ সোধি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights