আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাইয়ে হিমাগারগুলোতে আলু সংরক্ষণে অতিরিক্ত ভাড়া নেওয়ার প্রতিবাদে জয়পুরহাট-বগুড়া মহাসড়কে শিমুলতলী এলাকায় অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন কৃষক ও ব্যবসায়ীরা। চাষী-ব্যবসায়ীর যৌথ ব্যানারে আজ (২৯ জুন) বেলা ১২টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তারা মহাসড়কে অবস্থান নিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। বিক্ষোভকারীরা হিমাগারের বাড়তি ভাড়া আদায় বন্ধ করে পূর্বের ভাড়া নিয়ে সংরক্ষিত আলু ছেড়ে দেওয়ার দাবি জানান। এ সময় মহাসড়কের দুই পাশে বিভিন্ন যানবাহন ভিড় জমাতে থাকে।
খবর পেয়ে কালাই উপজেলা নির্বাহী অফিসার শামিমা আক্তার জাহান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন ঘটনাস্থলে গিয়ে হিমাগার কর্তৃপক্ষদের সাথে আলাপ করে পূর্বের ভাড়া প্রতি বস্তা ৩৫০ টাকা করে দেওয়ার ঘোষণা দেন। এরপর বিক্ষোভকারীরা তাদের কর্মসূচি তুলে নেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বাজারে আলুর দাম কম, বৃদ্ধি ভাড়া আদায় করাতে তাদের বিপদে ফেলা হয়েছে। তারা মারাত্মক ক্ষতির মুখে পড়েছেন। তারা জানান, এ বছর আলু উৎপাদনের খরচ কয়েকগুণ বেড়েছে। উপাদান করতে গিয়ে খরচ আগের তুলনায় অনেক বেশি পড়েছে। এমনিতেই লোকসান গুনতে হচ্ছে। অতিরিক্ত ভাড়া পরিশোধ করে আলু বিক্রি করলে মূলধনও হারাতে হবে।

কালাই উপজেলা নির্বাহী অফিসার শামীমা আক্তার জাহান বলেন, আলু সংরক্ষণে হিমাগারগুলো বেশি ভাড়া আদায় করছেন এমন অভিযোগ পাওয়ার পর আমরা গত বৃহস্পতিবার হিমাগার মালিকদের সাথে সভা করেছি। গত শনিবার তারা ভাড়া না বাড়ানোর সিদ্ধান্ত জানাতে চেয়ে আর জানাননি। কৃষক ও ব্যবসায়ীরা আজ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে আবার হিমাগার মালিকদের সাথে কথা বলেছি। তারা বস্তা প্রতি ৩৫০ টাকা করে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। এরপরও যদি বেশি ভাড়া আদায় করেন তখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights