বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচলে ১১ জনের মৃত্যু, এখনও নিখোঁজ ৩৪

বৃহস্পতিবার তৃতীয় দিনের মতো ভারতের হিমাচল প্রদেশের মান্ডি জেলায় উদ্ধারকারীরা অনুসন্ধান অভিযান পুনরায় শুরু করেছেন। মেঘভাঙা ভারী বৃষ্টির কারণে ব্যাপক ভূমিধস এবং আকস্মিক বন্যার পরে রাজ্যটিতে ৩৪ জন নিখোঁজ রয়েছেন।

ভারতীয় আবহাওয়া বিভাগ শুক্রবার পর্যন্ত কাংড়া, মান্ডি, হামিরপুর, সিমলা, সিরমৌর এবং সোলান জেলায় মাঝারি ধরণের আকস্মিক বন্যার ঝুঁকির পূর্বাভাস দিয়েছে।

মঙ্গলবার মুষলধারে বৃষ্টিপাতের ফলে ভয়াবহ বন্যা দেখা দেয় হিমাচলে। ১৪টি সেতু, ১৪৮টি বাড়ি এবং দুটি দোকান ভেসে যায়। ফলে ১১ জনের মৃত্যু হয়, যার বেশিরভাগই মান্ডি জেলায়। ৪৮ ঘন্টারও বেশি সময় ধরে চলা দুর্যোগের পর নিখোঁজদের জীবিত উদ্ধারের সম্ভাবনা কমতে থাকে। তাই মৃতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।

হিমাচলের জরুরি অপারেশন সেন্টার জানিয়েছে, পাঁচটি ত্রাণ শিবিরে মোট ১৫৭ জনকে রাখা হয়েছে।

বুধবার হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সুখু মান্ডির ধরমপুরের লাউঙ্গানি পঞ্চায়েতের অন্তর্গত সায়াথি গ্রাম পরিদর্শন করেন। সেখানে তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সাথে দেখা করেন, তাদের দুঃখ-কষ্টের কথা শোনেন। ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম পর্যালোচনা করেন।

জেলা প্রশাসন প্রতিটি পরিবারকে ১.৭০ লক্ষ রুপি আর্থিক সহায়তা, রেশন, ত্রিপল এবং অন্যান্য ত্রাণ সামগ্রী প্রদান করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights