ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের বিনামূল্যে গাইডলাইন ও পরামর্শ প্রদানের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন ঢাবি শাখার আহ্বায়ক মো. আমিনুর রহমান। সদস্যসচিব রুহানি খাতুন, সদস্য নাসিফুর রহমান, আব্দুল মমিন, শিরিন আক্তার, প্রিয়া আক্তারসহ উপস্থিত ছিলেন প্রায় তিন শতাধিক শুভার্থী। এছাড়া কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শামীম আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ মোহাম্মদ হাসিবুর রহমান এবং প্রতিনিধি তাহমিদ আরেফিন সাজিদ সভায় অংশগ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মো. আমিনুর রহমান বলেন, ‘আমাদের মূল লক্ষ্য হচ্ছে সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো এবং শিক্ষার্থীদের জন্য সহযোগিতার হাত বাড়ানো। এবারের মতবিনিময় সভা থেকে আমরা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছি, যা উচ্চশিক্ষার স্বপ্ন দেখা হাজার হাজার শিক্ষার্থীর জন্য অত্যন্ত ফলপ্রসূ হবে। এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রক্রিয়া শিক্ষার্থীদের জন্য একটি চ্যালেঞ্জিং সময়। সঠিক দিকনির্দেশনা ও গাইডলাইনের অভাবে অনেক শিক্ষার্থী তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে না। আমরা বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা থেকে সিদ্ধান্ত নিয়েছি যে, আমরা বিনামূল্যে বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় গাইডলাইন এবং পরামর্শ প্রদান করব। এর মাধ্যমে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি, বিষয় নির্বাচন, এবং ভর্তি প্রক্রিয়া সম্পর্কে সঠিক ধারণা পাবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াতে এবং তাদের স্বপ্ন পূরণে সহায়ক হবে।’

সদস্য সচিব রুহানি খাতুন তার বক্তব্যে বলেন, ‘বসুন্ধরা শুভসংঘ সবসময় মানব কল্যাণে নিবেদিত। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে পেরে গর্বিত। বিশেষ করে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অনেক সময় সঠিক তথ্যের অভাবে শিক্ষার্থীরা বিভ্রান্ত হয়। আমরা চেষ্টা করব অভিজ্ঞ মেন্টরদের মাধ্যমে শিক্ষার্থীদের জন্য একটি সঠিক দিকনির্দেশনামূলক কর্মশালা আয়োজন করতে, যেখানে তারা তাদের সকল জিজ্ঞাসা তুলে ধরতে পারবে এবং অভিজ্ঞদের কাছ থেকে পরামর্শ নিতে পারবে। আমাদের এই উদ্যোগ শুধু গাইডলাইন প্রদানের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং আমরা শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা ও সাহস জোগানোর কাজও করব।’

বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য ফাইজা তারিন তার অনুভূতি প্রকাশ করে বলেন, ‘বসুন্ধরা শুভসংঘের মতো একটি মহৎ উদ্যোগের অংশ হতে পেরে আমি আনন্দিত। এইচএসসি পরীক্ষার পর বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি প্রতিটি শিক্ষার্থীর জীবনে একটি নতুন চ্যালেঞ্জ নিয়ে আসে। অনেক শিক্ষার্থীকে এই কঠিন সময়ে দিকনির্দেশনার অভাবে ভুগতে হয়। বসুন্ধরা শুভসংঘ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা শিক্ষার্থীদের বিনামূল্যে যে গাইডলাইন ও সহায়তা প্রদানের সিদ্ধান্ত নিয়েছি, তা নিঃসন্দেহে একটি যুগান্তকারী পদক্ষেপ। আমাদের লক্ষ্য হলো, সঠিক তথ্য, প্রয়োজনীয় টিপস এবং মক পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসী করে তোলা, যাতে তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে। আমরা বিশ্বাস করি, আমাদের এই প্রচেষ্টা হাজার হাজার শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথ সুগম করবে।’

সভায় বিভিন্ন হল শাখার প্রতিনিধিরাও অংশগ্রহণ করেন। শহীদ সার্জেন্ট জহুরুল হক হল শাখার মেহেদী হাসান ও শাকিল হাসান, মুহসিন হক হলের আলী আজগর ও রাব্বি হাসান, জিয়াউর রহমান হলের আজিজুল হাকিম, শেখ মুজিবুর রহমান হলের জুয়েল মিয়া, জসীমউদ্দীন হলের হানিফ আলী, ৭১ হল শাখার ফরহাদ হোসেন ও আশরাফ হোসেন রিয়াদ হোসেন, রোকেয়া হলের শিরিন আক্তার, শামসুন্নাহার হলের নুসরাত ঐশী ঋতু, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের শারমিন আক্তার, অত্রি ভট্টাচার্য হিয়া, সুফিয়া কামাল হল শাখার রিমা আক্তার এবং বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের শরিফা আক্তার প্রমুখ।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঢাবি শাখার সদস্য ফাইজা তারিন, মোশারফ হোসেন, হাবিবুর রহমান, সুফি, জনি সোম, আশিকুর রহমান, রাফি, মুরাদ, রিপন, অরিত্রা, হাবিবুল্লাহ রহমান, তাকদিমুল হাসান এবং বসুন্ধরা শুভসংঘ গভর্নমেন্ট কলেজ অব অ্যাপ্লাইড হিউম্যান সায়েন্স শাখার সভাপতি মুসলেমেনা সুলতানা ও সাধারণ সম্পাদক লাবণ্য মল্লিক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights