সিরিজ বাঁচানোর ম্যাচে ২৪৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ

অনলাইন ডেস্ক

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ বাঁচানোর লক্ষ্যে প্রথমে ব্যাটিংয়ে নেমে ২৪৮ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। ফলে জয়ের জন্য শ্রীলঙ্কার করতে হবে ২৪৯ রান।

শনিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪৫.৫ ওভারে ২৪৮ রান তুলতে সক্ষম হয় বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৭ করেন পারভেজ হোসেন ইমন।

আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় সংগ্রহ ১০ স্পর্শ করতেই বিদায় নেন ওপেনার তানজিদ হাসান তামিম (৭)। তবে এরপর ৬৩ রানের জুটি গড়ে ভালো কিছুর ইঙ্গিত দেন পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। ইমন ফিফটি তুলে নিলেও ১৯ বলে ১৪ রান করে বিদায় নেন শান্ত।

এরপর তাওহিদ হৃদয় ও ইমন মিলে আরেকটি জুটি গড়ার চেষ্টা করেন। এটি বেশিদূর এগোতে পারেনি। কারণ ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি ইমন। লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ৬৭ রানে। পাঁচে নামা মেহেদী হাসান মিরাজও পারেননি টিকে থাকতে। বাংলাদেশ দলের অধিনায়ক ১০ বলে করেছেন ৯ রান।

বিপর্যয়ে হাল ধরেছিলেন শামিম ও হৃদয়। কিন্তু তারাও জুটি ধরে রাখতে পারেননি। শামিম ভালো শুরুর ইঙ্গিত দিলেও করতে পারেন ২২ রান। জাকের আলীও উইকেটে সেট হয়েছিলেন। কিন্তু দলকে ২০০ পার করার পর তারও বিদায় ঘটে ব্যক্তিগত ২২ রানে। তবে হৃদয় ফিফটি তুলে নেন। কিন্তু তানজিমের সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়ে ফেরেন হৃদয় (৫১)।

এই পরিস্থিতিতে সাকিব নিজেই দায়িত্ব কাঁধে তুলে নেন। খেলেন ২১ বলে অপরাজিত ৩৩ রানের ঝড়ো ইনিংস। কিন্তু অপরপ্রান্তে আর কেউ সঙ্গ দিতে না পারায় দলকে আড়াইশ পার করাতে পারেননি তিনি। বাংলাদেশের ইনিংসও থামে ৪৫.৫ ওভারেই।

শ্রীলঙ্কার হয়ে ৪ উইকেট পান আশিথা ফার্নান্দো, ৩ উইকেট নেন হাসারাঙ্গা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights