নাফ নদীতে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের কোনারপাড়া এলাকায় নাফ নদীতে মাছ ধরতে গিয়ে আব্দুল খালেক (২০) নামের এক যুবক নিখোঁজ হয়েছেন। রবিবার (৬ জুলাই) সকালে ১৮ জন জেলে একসঙ্গে নদীতে মাছ ধরতে যান। এ সময় নদী উত্তাল থাকায় খালেক পানির প্রবল স্রোতে ভেসে যান বলে জানিয়েছেন স্থানীয়রা। নিখোঁজ খালেক একই এলাকার আব্দুস সালামের ছেলে।

টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘নাফ নদীতে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।’

খালেকের পরিবার সূত্রে জানা গেছে, টানা ভারী বর্ষণের কারণে নদীর পানি বৃদ্ধি পেয়েছে এবং স্রোতও বেড়েছে। মাছ ধরার সময় হঠাৎ ঝড়ো হাওয়া ও প্রবল স্রোতের মুখে তাদের নৌকা উল্টে যায়। বাকিরা সাঁতরে তীরে উঠলেও খালেক নিখোঁজ হন।

স্থানীয় ইউপি সদস্য রেজাউল করিম রেজু বলেন, ‘আব্দুল খালেক অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। একদিন কাজ না করলে তাদের সংসার চলে না। তাই জীবনের ঝুঁকি নিয়েও সে নদীতে মাছ ধরতে গিয়েছিল। স্থানীয়ভাবে উদ্ধার তৎপরতা চলমান রয়েছে, তবে এখনো তার কোনো খোঁজ পাওয়া যায়নি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights