মবে জড়িতদের ছাড় নয়

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, মব সহিংসতার ঘটনায় সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। মবে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অপরাধী যতই শক্তিশালী হোক না কেন, তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। রবিবার রাজধানীর উত্তরায় ইন্ডাস্ট্রিয়াল পুলিশ হেডকোয়ার্টার্স ও উত্তরা পূর্ব থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগের থেকে মবের সংখ্যা অনেকটা কমে এলেও সম্প্রতি কিছু এলাকায় আবারও এমন ঘটনা ঘটেছে। এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর অবস্থানে আছে। রংপুরের একটি ঘটনায় ইতোমধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। যে অন্যায় করবে, সে আর এলাকায় থাকতে পারবে না। তাকে খুঁজে বের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ভবিষ্যতেও মবের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকেও আইনের আওতায় আনা হবে। জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনের পরিবেশ তৈরি শুধু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাজ নয়। নির্বাচন কমিশন, প্রশাসন, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোকেও এ বিষয়ে প্রস্তুত থাকতে হয়।

পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, মালয়েশিয়ায় আটক বাংলাদেশিদের সঙ্গে দেশের জঙ্গিবাদের কোনো সম্পৃক্ততা নেই। বাংলাদেশে জঙ্গিবাদের কোনো অবস্থান নেই। এখানে কোনো ধরনের জঙ্গিবাদ নেই। সবার সহযোগিতায় দেশে জঙ্গিবাদ নির্মূল করে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights