বাঘ দম্পতি রোমিও জুলিয়েটের কোলে ডোনাল্ড ট্রাম্প

নজরুল মৃধা, রংপুর

রংপুর চিড়িয়াখানায় বাঘ দম্পতি রোমিও-জুলিয়েট একটি পুরুষ ছানার জন্ম দিয়েছে। চিড়িয়াখানা কর্তৃপক্ষ ছানাটির নাম রেখেছে ডোনাল্ড ট্রাম্প। ইতোমধ্যে ট্রাম্পের বয়স দেড় মাস হলেও গতকাল সকালে তার দেখা মেলে। তাকে দেখতে দর্শনার্থীদেরও আগ্রহের কমতি নেই।

চিড়িয়াখানা সূত্রে জানা গেছে, ২০২৩ সালে চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে আনা হয় বাঘ দম্পতি রোমিও-জুলিয়েটকে। সে বছরের ১৯ সেপ্টেম্বর কেক কেটে এ যুগলের জন্মদিনও পালন করা হয়। এতদিন এ দম্পতির কোনো সন্তান না থাকায় একটা অপূর্ণতা ছিল। অবশেষে গত দেড় মাস আগে জুলিয়েটের কোল আলোকিত করে ডোনাল্ড ট্রাম্প।

বর্তমানে রংপুর চিড়িয়াখানায় ৩৪ প্রজাতির ২৬৭টি প্রাণী রয়েছে। এর মধ্যে বাঘ তিনটি, সিংহী একটি, জলহস্তী তিনটি, ময়ুর আটটি, হরিণ ৬২টি, অজগর দুটি, উটপাখি একটি ও ৯টি বানর উল্লেখযোগ্য। প্রায় ২১ একর জমির ওপর প্রতিষ্ঠিত এ চিড়িয়াখানায় প্রতিদিন হাজারো দর্শনার্থীর সমাগম হয়। গতকাল দর্শনার্থী কমল রায় ও জালাল উদ্দিন জানান, বাঘের বাচ্চা প্রসবের বিষয়টি তাদের জানা ছিল না। খাঁচার সামনে গিয়ে বাচ্চা দেখে তারা খুব উপভোগ করেছে। চিড়িয়াখানার কিউরেটর ডা. আমবার আলী তালুকদার জানান, প্রায় দেড় মাস আগে বাঘিনী বাচ্চা প্রসব করে। তার নাম রাখা হয়েছে ডোনাল্ড ট্রাম্প। তাকে তিন মাস পর্যবেক্ষণে রাখার পর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights