সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণের পর শিশু হত্যা, আটক ৩

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে রেদওয়ান (১১) নামে এক শিশুকে অপহরণের পর হত্যা করা হয়েছে। সোমবার সকালে পুলিশ উপজেলার পোতাজিয়া ইউনিয়নের দহবিল এলাকার একটি ঘাসের জমি থেকে মরদেহটি উদ্ধার করে।

এ ঘটনায় জড়িত তিনজনকে আটক করেছে পুলিশ। মৃত শিশু উপজেলার হাবিবুল্লাহনগর ইউনিয়নের রতনকান্দি উত্তরপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে।

শনিবার ও রবিবার পৃথক অভিযানে শাহজাদপুর থানা এলাকা থেকে দুইজন ও ঢাকার সাভার থেকে একজনকে আটক করে পুলিশ। আটককৃত আসামিরা হলো, আব্দুল হালিমের ছেলে সাখাওয়াত হোসেন (২১), আলাউদ্দীনের ছেলে সাগর আলী (২২) ও জলিল ভক্তের ছেলে নাঈম হোসেন (২১)।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সাজ্জাদুর রহমান জানান, শুক্রবার বিকাল থেকে রেদওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে রেদওয়ানের বাবা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। শনিবার সকালে অপহরণকারীরা রেদওয়ানের বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। পরে অপহরণকারীদের ১০ হাজার টাকা পাঠানো হয়। তিনি আরও জানান, আটক আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, শিশু রেদওয়ানকে হত্যা করার পরে মুক্তিপণ দাবি করে তারা।

ওসি জানান, আটক আসামিদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি ঘাসের জমি থেকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights