ইউক্রেনে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র পাঠানোর ঘোষণা ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রবিবার জানিয়েছেন, তিনি ইউক্রেনকে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র পাঠাবেন। তিনি বলেন, এসব অস্ত্র ইউক্রেনের জন্য খুবই প্রয়োজন, কারণ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সারাদিন ভালো কথা বলেন, কিন্তু সন্ধ্যায় এসে সবাইকে বোমা মেরে চমকে দেন’।

ট্রাম্প ঠিক কতগুলো প্যাট্রিয়ট পাঠাবেন তা নির্দিষ্ট করে বলেননি। তবে জানান, ইউরোপীয় ইউনিয়ন এই অস্ত্রের খরচ পরিশোধ করবে। তিনি আরও বলেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি করতে চাইলেও পুতিন সে বিষয়ে তার উদ্যোগকে পাত্তা দেননি—এ কারণে তিনি রুশ নেতার ওপর বিরক্ত।

ইতোমধ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার প্রতিদিনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলায় আরও প্রতিরক্ষা সক্ষমতা চেয়েছেন।

ওয়াশিংটনের বাইরে অ্যান্ড্রুজ বিমান ঘাঁটিতে সাংবাদিকদের ট্রাম্প বলেন, “আমরা তাদের প্যাট্রিয়ট পাঠাবো, যেটার তারা অত্যন্ত প্রয়োজন অনুভব করছে। কারণ পুতিন সত্যিই অনেককে চমকে দিয়েছেন। তিনি সারাদিন ভালো কথা বলেন, আর রাত হলে বোমাবর্ষণ করেন। এটা আমার পছন্দ নয়।”

তিনি আরও বলেন, “আমরা অত্যাধুনিক নানা সামরিক সরঞ্জাম পাঠাবো। তারা এর পুরো মূল্য পরিশোধ করবে। আমরা চাই এভাবেই হোক।”

এই সপ্তাহে ট্রাম্পের ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে বৈঠকের পরিকল্পনা রয়েছে, যেখানে ইউক্রেনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।

সূত্র: রয়টার্স, দ্য গার্ডিয়ান

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights