বার্সার নজরে ১৭ বছরের রায়ান রবার্তো

অনলাইন ডেস্ক
দক্ষিণ আমেরিকায় তরুণ ফুটবল প্রতিভা খুঁজে বের করার বার্সেলোনার পুরনো ঐতিহ্য যেন আবারও জেগে উঠেছে। এবার কাতালান ক্লাবটির রাডারে উঠে এসেছেন ব্রাজিলের ফ্ল্যামেঙ্গো ক্লাবের ১৭ বছর বয়সী উদীয়মান উইঙ্গার রায়ান রবার্তো।

২০২৫ সালে ফ্ল্যামেঙ্গোর অনূর্ধ্ব-১৭ দলের হয়ে মাত্র ৩৩ ম্যাচে ২০ গোল ও ১৪টি অ্যাসিস্ট করে ফুটবল বিশ্বের নজর কাড়েন রায়ান। তার অসাধারণ পারফরম্যান্সে মুগ্ধ হয়ে পড়েছে ইউরোপের একাধিক ক্লাব। এর মধ্যে বার্সেলোনা ও ডাচ জায়ান্ট আয়াক্স রবার্তোর প্রতি গভীর আগ্রহ দেখাচ্ছে।

ফ্ল্যামেঙ্গোর সিনিয়র দলের দায়িত্বে থাকা সাবেক ব্রাজিলিয়ান তারকা ফিলিপে লুইস তরুণদের ওপর আস্থা রাখছেন শুরু থেকেই। সেই ধারাবাহিকতায় খুব শিগগিরই রায়ান রবার্তোকেও হয়তো দেখা যেতে পারে ফ্লামেঙ্গোর মূল দলে। ডান উইংয়ে খেললেও রবার্তো অনেকটা নেইমার ঘরানার খেলোয়াড়। দ্রুত গতিতে কাট ইন করে গোলের উদ্দেশে ছুটে চলেন, ড্রিবলিং, ফিনিশিং ও অ্যাসিস্ট—সব ক্ষেত্রেই তিনি কার্যকর। তার খেলার স্টাইল ইউরোপিয়ান ক্লাবগুলোর সঙ্গে মানানসই।

শুধু ক্লাব ফুটবলেই নয়, জাতীয় দলের জার্সিতেও দেখা যেতে পারে এই ব্রাজিলিয়ান তরুণকে। আসন্ন অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে ব্রাজিল দলে ডাক পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে তার। আর এই টুর্নামেন্টই হতে পারে ইউরোপিয়ান স্কাউটদের সামনে নিজেকে প্রমাণ করার বড় মঞ্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights