হামজা ও শমিতকে ছাড়াই নেপাল সফরে বাংলাদেশ

অনলাইন ডেস্ক
আগামী সেপ্টেম্বরে নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। কিন্তু এই ম্যাচগুলোতে দেখা যাবে না ইংলিশ ক্লাব লেস্টার সিটির মিডফিল্ডার হামজা চৌধুরী এবং কানাডার কাভালরি সিটির ফুটবলার শমিত শোমকে। জাতীয় দল কমিটির সর্বশেষ সভায় নিশ্চিত হয়েছে, তারা দুজন এই ম্যাচে থাকছেন না।

সদ্য শেষ হওয়া সভায় সিদ্ধান্ত হয়েছে, নির্ধারিত সূচি অনুযায়ী ৬ ও ৯ সেপ্টেম্বর কাঠমাণ্ডুতে হবে ম্যাচ দুটি। এ ম্যাচগুলো মূলত অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ের হংকং ম্যাচের প্রস্তুতি হিসেবে ধরা হচ্ছে।

জাতীয় দল কমিটির সদস্য সাঈদ হাসান কানন জানিয়েছেন, হামজা লেস্টার সিটির সঙ্গে প্রাক-মৌসুম ক্যাম্পে আছেন এবং শমিত সেপ্টেম্বরেই লিগে ব্যস্ত থাকবেন। তাই তারা কেউই আসতে পারবেন না। দলের ম্যানেজার হিসেবে থাকছেন আমের খান।

এদিকে, অনূর্ধ্ব-২৩ দলের কোচ নিয়েও এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বাফুফে। এর আগের সভায় এক সপ্তাহের মধ্যে কোচ চূড়ান্ত করার কথা জানানো হলেও তা হয়নি। মারুফুল হক, জুলফিকার মাহমুদ এবং মাসুদ কায়সার দায়িত্ব নিতে রাজি হননি বলে জানা গেছে। এ অবস্থায় টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটু ক্যাম্প শুরু করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে।

সিঙ্গাপুরের বিপক্ষে অভিষেক হওয়া ফাহমিদুল ইসলাম এবং জাতীয় দলে খেলার অপেক্ষায় থাকা কিউবান বংশোদ্ভূত ফুটবলার মিচেল অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্পে ডাক পাচ্ছেন—এটি নিশ্চিত করা হয়েছে।

হামজা, শমিত ও ফাহমিদুল কেউই সিনিয়র দলে না থাকায় এবারের নেপাল সফরে জাতীয় দলে থাকছেন না কোনো প্রবাসী ফুটবলার। কবে থেকে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে এবং অনূর্ধ্ব-২৩ দল প্রস্তুতি শুরু করবে—এ বিষয়ে বাফুফের পক্ষ থেকে এখনো কিছু জানানো হয়নি। এদিকে, জাতীয় দলের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা এর আগে এশিয়ান গেমসে দায়িত্ব পালন করলেও এবার জাতীয় ও যুব দলের খেলা একই সময়ে পড়ায় বাফুফেকে খুঁজতে হচ্ছে নতুন কোচ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights