সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি দ্বন্দ্বে যুবক খুনের ঘটনায় মামলা, গ্রেফতার ৩
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চুরির টাকা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে মাকসুদুল হাসান জনি (২৯) নামে এক যুবককে শ্বাসরোধ করে হত্যার হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে।
শুক্রবার দিবাগত রাতে নিহত জনির বাবা শুকুর আলী বাদী হয়ে সাতজনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে বলে শনিবার দুপুরে নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম। গ্রেফতারকৃতরা হলেন- জাহাঙ্গীর আলম, নৈশ প্রহরী আলমগীর হোসেন ও আকাশ। এর মধ্যে জাহাঙ্গীর আলমকে র্যাব-১১ এর সদস্যরা গ্রেফতার করেন।
গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেন জানান ওসি।
উল্লেখ, শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের নিমাইকাশারী এলাকা থেকে মাকসুদুল হাসান জনির (২৯) লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, নিহত জনিসহ কয়েকজনের একটি দল নিমাইকাশারী ও আশেপাশে এলাকায় চুরি ছিনতাই করে আসছিল। গত ১৪ জুলাই রাত দুইটার দিকে চুরির টাকা ভাগাভাগি নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয়। এক পর্যায়ে কয়েকজন মিলে জনিকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে তাকওয়া টাওয়ার নামক নির্মাণাধীন দোতলা ভবনের লিফটের গর্তের ভেতর জমা পানিতে ফেলে দেয়।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম জানান, নিহত জনির বাবা শুক্কুর আলী বাদী হয়ে সাতজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ দু’জনকে গ্রেফতার করে এবং একজনকে র্যাব সদস্যরা গ্রেফতার করে থানায় সোপর্দ করেন। গ্রেফতারকৃত আসামিদের আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
বিডি প্রতিদিন/একেএ
