ছাত্র হত্যা মামলায় মাধবদী পৌরসভার সাবেক মেয়র মানিক গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র হত্যা মামলায় নরসিংদীর মাধবদী পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন প্রধানকে (মানিক) গ্রেফতার করেছে পুলিশ। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

সোমবার দুপুরে সাবেক মেয়র মানিককে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মেশকাতুল ইসলামের আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে রবিবার দিবাগত রাতে রাজধানীর ভাটারা এলাকা থেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মোশাররফ হোসেন মানিককে মিন্টু রোডের ডিবির প্রধান কার্যালয়ে নেওয়া হয়। সেখানে আইনি প্রক্রিয়া শেষে তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আদালত পুলিশের পরিদর্শক মো. সাইরুল ইসলাম জানান, গত বছর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় মাধবদীতে শাওন নামের এক শিক্ষার্থী নিহত হন। এ ঘটনায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে মাধবদী থানা পুলিশ সাবেক মেয়র মানিককে আদালতে হাজির করে। এ সময় পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে। তবে মামলার মূল নথি জেলা জজ আদালতে অন্য আসামির শুনানির জন্য মুলতবি থাকায় তাৎক্ষণিকভাবে রিমান্ড শুনানি হয়নি। ফলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ জানান, রবিবার (২৭ জুলাই) দিবাগত রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা রাজধানীর ভাটারা এলাকা থেকে মোশাররফ হোসেন প্রধানকে (মানিক) গ্রেফতার করে। পরে রাতেই তাকে নরসিংদী জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। এবং আজ দুপুরে মাধবদী থানার মামলা অনুযায়ী আদালতে হাজির করা হয়।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ নজরুল ইসলাম জানান, সাবেক মেয়র মানিকের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর দু’টি হত্যা মামলা, একটি হত্যা চেষ্টার মামলা এবং আরও একটি মামলা মিলিয়ে মোট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় তিনি অব্যাহতি পেয়েছিলেন। সরকার পরিবর্তনের পর থেকেই তিনি পলাতক ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights