ইরানের আবাবিল ড্রোন : মার্কিন নিষেধাজ্ঞার কবলে ৫ প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক

ইরানের সামরিক ড্রোন কর্মসূচিতে জড়িত থাকার অভিযোগে পাঁচটি বিদেশি প্রতিষ্ঠান ও এক ব্যক্তির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার এক বিবৃতিতে দেশটির অর্থ মন্ত্রণালয় জানায়, সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তি ইরানের সামরিক ড্রোন ‘আবাবিল’ তৈরিতে সহযোগিতা করেছেন।

নিষেধাজ্ঞার আওতায় পড়া প্রতিষ্ঠানগুলো হলো— ইরানের ‘কন্ট্রোল আফজার তাবরিজ’ এবং প্রতিষ্ঠানটির পরিচালক জাভাদ আলিজাদেহ হোশ্যার, হংকংভিত্তিক ‘ক্লিফটন’, তাইওয়ানের ‘মেকাট্রন’, চীনের ‘গুমার্স’ এবং এর সহযোগী প্রতিষ্ঠান ‘চ্যাংঝু গুমার্স’। যুক্তরাষ্ট্রের দাবি, এসব প্রতিষ্ঠান ইরানের রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারক্রাফ্ট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানির সঙ্গে সরাসরি সম্পৃক্ত।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট জানান, এই নিষেধাজ্ঞা ইরানের ওপর ট্রাম্প প্রশাসনের পর সবচেয়ে বড় পরিসরে আরোপ করা পদক্ষেপগুলোর একটি। এর লক্ষ্য হলো—ইরানি শাসকগোষ্ঠীর ক্ষমতা ও প্রভাব হ্রাস করা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা রক্ষা করা।

এর আগে যুক্তরাষ্ট্র ইরান ও রাশিয়ার বিরুদ্ধে ‘অস্থিতিশীল তৎপরতা’র অভিযোগ এনে একটি বৃহৎ তেল পরিবহন নেটওয়ার্কের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, ইরান বিভিন্ন দেশের প্রযুক্তি ও যন্ত্রাংশ ব্যবহার করে নিজেদের সামরিক সক্ষমতা বৃদ্ধি করছে, যা মধ্যপ্রাচ্য অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হতে পারে। সূত্র : আনাদোলু এজেন্সি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights