শাবিতে জুলাই শহীদদের স্মরণে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথন

শাবিপ্রবি প্রতিনিধি
জুলাই অভ্যুত্থানে শহীদদের স্মরণে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘রেইজ ফর জাস্টিস ম্যারাথন’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সামাজিক সচেতনতা বিষয়ক সংগঠন ‘ভয়েস ফর জাস্টিস’-এর উদ্যোগে এই ম্যারাথন অনুষ্ঠিত হয়।

শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের গোলচত্বর থেকে এ প্রতীকী ম্যারাথনের যাত্রা শুরু হয়। ম্যারাথনে অংশগ্রহণকারীদের জন্য ২১.১ কিলোমিটার, ১০ কিলোমিটার এবং ৫ কিলোমিটারের মোট তিনটি ক্যাটাগরিতে দৌড় প্রতিযোগিতা রাখা হয়। প্রতিটি ইভেন্টেই শিক্ষার্থী ও সাধারণ অংশগ্রহণকারীদের জন্য ছিল পৃথক রেজিস্ট্রেশন ফি।

ম্যারাথনে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন। এ ছাড়াও সম্মাননা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মোজাম্মেল হক, অধ্যাপক ড. ইফতেখার আহমেদ, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আলামিন, জিইবি বিভাগের ড. আবুল কালাম আজাদ, সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. আলী ওয়াক্কাস ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাজিক মিয়াসহ বিভিন্ন বিভাগের অধ্যাপক ও শিক্ষার্থীবৃন্দ।

সংগঠনটির সভাপতি মোমিনুর রশিদ শুভ বলেন, নতুন বাংলাদেশের গড়ার লক্ষ্যে জুলাই আন্দোলনে হাজারো লোক শহীদ হয়েছেন। তাই জুলাই কেবল শোক নয়, এটি প্রতিবাদ, প্রতিরোধ ও স্বপ্ন দেখার সাহসের মাস। এই ম্যারাথন ন্যায়বিচার, মানবিকতা ও গণতন্ত্রের পক্ষে আমাদের অবস্থান তুলে ধরেছে।

অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. সাজেদুল করিম বলেন, জুলাইয়ের শহীদরা ছিলেন ন্যায়ের পক্ষে দাঁড়ানো সাহসী মানুষ, যারা এই জাতিকে নতুন পথ দেখিয়েছেন। তাদের স্মরণে ‘রেইজ ফর জাস্টিস’ ম্যারাথনের আয়োজন নিঃসন্দেহে একটি সময়োপযোগী এবং তাৎপর্যপূর্ণ উদ্যোগ। শিক্ষার্থীদের এমন মানবিক ও সামাজিকভাবে সচেতন কর্মসূচিতে অংশগ্রহণ আমাদের ভবিষ্যতের জন্য আশাব্যঞ্জক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights