দেয়াল ধসে পড়ে শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বগুড়া:

বগুড়ায় টানা ছয় ঘণ্টার ভারী বৃষ্টিতে দেয়াল ধসে গোলাম কিবরিয়া (৩০) নামের এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছেন। রবিবার ভোরে শহরতলীর ফুলতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত গোলাম কিবরিয়া রাজশাহীর মতিহার উপজেলার নতুন বোটপাড়া এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বগুড়ার ফুলতলায় ভাড়া থাকতেন এবং ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন।

জানা যায়, রবিবার ভোর রাত ৩টা থেকে সকাল ৯টা পর্যন্ত ৯৮.২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়। এই বৃষ্টির কারণে শহরতলীর ফুলতলা এলাকায় একটি মাটির বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে বাড়ির ভেতরে থাকা ইলেকট্রিক মিস্ত্রি গোলাম কিবরিয়া চাপা পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুক ইসলাম শফিক জানান, বৃষ্টির কারণে শহরতলীর ফুলতলা এলাকায় একটি মাটির বাড়ির দেয়াল ধসে পড়ে। এতে চাপা পড়ে ইলেকট্রিক মিস্ত্রি গোলাম কিবরিয়া মারা যান। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এদিকে বৃষ্টিতে বগুড়ার বনানী এলাকায় ৩৩ হাজার কেভি বিদ্যুৎ লাইনের চারটি খুঁটি উপড়ে পড়ে। এর ফলে শহরের দক্ষিণ অংশের বনানী, সিলিমপুরসহ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এতে হাজারো মানুষ চরম ভোগান্তিতে পড়েন। বিদ্যুৎ বিভাগ জানায়, উপড়ে পড়া খুঁটিগুলো সরিয়ে দ্রুত মেরামত করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights