‘তোষামোদকারীরা হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে’

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির সহকারী সেক্রেটারী জেনারেল মুয়াযযম হোসাইন হেলাল বলেছেন, শেখ হাসিনাকে প্রশ্নবিদ্ধ না করে, যারা তোষামোদি করেছে তারাই হাসিনাকে ফ্যাসিস্ট হতে সহযোগিতা করেছে। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি দেশ মাতৃকা নিয়েও প্রত্যেককে ভাবতে হবে। আমরা যে যেখানেই থাকি। প্রত্যেককে সৎ থাকতে হবে।

সোমবার বরিশাল রিপোর্টার্স ইউনিটির সদস্যদের সাথে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

এ সময় তিনি আগামী নির্বাচনকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ করতে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে শক্ত ভূমিকা পালন করাসহ নির্বাচনকালীন সময়ে বরিশালে যেন একটি সহমর্মিতা ও সহযোগিতামূলক পরিবেশ বজায় থাকে সেজন্য সকল সাংবাদিকের সহযোগিতা কামনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও বরিশাল মহানগর আমির অধ্যক্ষ জহির উদ্দিন মু. বাবর, কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও বরিশাল জেলা আমির অধ্যাপক আব্দুল জব্বার, জেলা নায়েবে আমির মাস্টার আব্দুল মান্নান, মহানগর কর্মপরিষদ সদস্য মাওলানা হাবিবুর রহমান, মাহফুজুর রহমান আমিন, শামীম কবির, জামায়াত নেতা বায়জীদ বোস্তামী, আ. রশিদ, আব্দুস সত্তার প্রমুখ।

বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে সাংবাদিকদের পক্ষে বক্তব্য রাখেন বিআরইউ’র সভাপতি ও জ্যেষ্ঠ সাংবাদিক আনিছুর রহমান খান স্বপন। এছাড়া সাংবাদিকবৃন্দ তাদের নানা প্রশ্ন তুলে ধরেন।

জামায়াত নেতা হেলাল তার বক্তব্যের শুরুতে জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেন। তিনি রিপোর্টার্স ইউনিটির প্রবীণ সদস্যদের সাহসিকতা ও সততার স্মৃতিচারণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights