জামানত বাতিলের ভয়ে পিআর পদ্ধতিতে ভোট চায় কিছু রাজনৈতিক দল : মেজর হাফিজ

অনলাইন ডেস্ক

জামানত বাতিল হবে বলে নির্বাচনকে বিলম্বিত করতে পিআর পদ্ধতিতে ভোটের কথা বলছে কিছু রাজনৈতিক দল বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কিমিটির সদস্য মেজর হাফিজ উদ্দিন আহমদ।

শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি : দ্রুত বিচার সম্পন্ন, মৌলিক সংস্কার ও জাতীয় সংসদ নির্বাচন’ শীর্ষক আলোচনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

মেজর হাফিজ উদ্দিন বলেন, আজব আজব থিওরি দিয়ে নির্বাচন বিলম্বিত করার কোন কারণ নেই। এবারের নির্বাচন হবে গণতন্ত্রকে সুপ্রতিষ্ঠিত ও অর্থনৈতিক মুক্তির নির্বাচন। নির্বাচনকে বিলম্বিত করতে দলগুলো পিআর পদ্ধতির বাণী আওড়াচ্ছে।

হাফিজ বলেন, দেশের মানুষ পিআর পদ্ধতি বোঝেন না। বিদ্যমান ব্যবস্থাতেই জাতীয় নির্বাচন হওয়া জরুরি। সংবিধানসহ অন্যান্য বিষয় সংস্কার করবে নির্বাচিত সরকার। গণতন্ত্রকে পূর্ণভাবে বিকশিত দেখতে চাই। সরকারের অধিকাংশ সংস্কারের বিষয়ে একমত হয়েছে বিএনপি।

আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, এক বছরেও ন্যূনতম সংস্কার না হওয়া এই পুলিশ বাহিনীকে দিয়ে শান্তিপূর্ণ নির্বাচন হওয়া নিয়ে শঙ্কা আছে। ভারতে বসে শেখ হাসিনা নির্বাচনের আগে দেশ অস্থিতিশীল করতে নানা কূটচালের পরিকল্পনা করেছে জানিয়ে জনগণকে সজাগ থাকার আহ্বান জানান বিএনপির এই সিনিয়র নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights