সোনারগাঁয়ের ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখলো জাপানের ১১০ সদস্যের বিনিয়োগকারী দল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
নারায়ণগঞ্জের ঐতিহাসিক সোনারগাঁয়ের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেছে জাপানের ১১০ সদস্যের একটি বিনিয়োগকারী দল। ব্র্যাক ইপিএলের উদ্যোগে বাংলাদেশে অনুষ্ঠিত তিনদিনব্যাপী বিনিয়োগ সম্মেলনে অংশগ্রহণের পূর্বে তারা সোনারগাঁয়ের গুরুত্বপূর্ণ স্থাপত্যকীর্তি, প্রাচীন পানাম নগরী, বড় সরদার বাড়ি ও শিল্পাচার্য জয়নুল আবেদীন লোক ও কারুশিল্প জাদুঘর পরিদর্শন করেন।

মঙ্গলবার দুপুরে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন চত্বরে জাপানি প্রতিনিধি দলের আগমন উপলক্ষে ফাউন্ডেশনের উপ-পরিচালক একে আজাদ সরকার এবং রেজিস্ট্রেশন কর্মকর্তা একেএম মুজাম্মিল হক তাদের স্বাগত জানান। এরপর তারা রেস্টোরেশনকৃত ঐতিহাসিক বড় সরদার বাড়ি এবং শিল্পাচার্য জয়নুল জাদুঘর পরিদর্শন করেন।

পরিদর্শনকারীরা জাদুঘরে প্রদর্শিত লোক ও কারুশিল্পের ঐতিহ্যবাহী নিদর্শন দেখে মুগ্ধ হন এবং সোনারগাঁয়ের বড় সরদার বাড়ির স্থাপত্য রীতির প্রশংসা করেন।

জাপানের বিনিয়োগকারী দলটি ব্র্যাক ইপিএলসহ সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তার সঙ্গেও ছিলেন। এছাড়া বাংলাদেশ টুরিস্ট পুলিশ ও সোনারগাঁ থানা থেকেও উপস্থিত ছিলেন সংশ্লিষ্টরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights