আজ শহিদ ইকরামুল হক সাজিদের প্রথম শাহাদাত বার্ষিকী
জবি প্রতিনিধি :
আজ ১৪ আগস্ট,২০২৫ (বৃহস্পতিবার ): জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ও জুলাই গণ-অভ্যুত্থানে জবির প্রথম শহীদ ইকরামুল হক সাজিদের প্রথম শাহাদাত বার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গত বছর ৪ আগস্ট শহিদ ইকরামুল হক সাজিদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা কর্মসূচিতে মিরপুর এলাকায় পুলিশের গুলিতে আহত হন। মাথার পেছনে প্রবেশ করা বুলেট চোখের পেছনে আটকে যায়। তাকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয় এবং পরে সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১৪ আগস্ট তিনি মৃত্যুবরণ করেন।
জুলাই অভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় আয়োজিত এ দোয়া মাহফিল অনুষ্ঠানে জবির উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, রেজিস্টার, প্রক্টর, পরীক্ষা নিয়ন্ত্রক, শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, দপ্তর প্রধানগণসহ শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে বক্তারা শহীদ ইকরামুল হক সাজিদের আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে তার সাহসী ভূমিকার প্রশংসা করেন।একইসাথে জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের আত্মার শান্তি কামনা করেন।
উল্লেখ্য, শহিদ সাজিদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নামকরণ করে ‘শহীদ সাজিদ একাডেমিক ভবন’ রাখা হয়েছে।
