পাকিস্তানে মৌসুমি বৃষ্টিপাতে প্রাণ গেল কমপক্ষে ৩০ জনের

অনলাইন ডেস্ক

পাকিস্তানে ভারী মৌসুমি বৃষ্টিপাত, ভূমিধস ও আকস্মিক বন্যায় কমপক্ষে ৩০ জনের মৃত্যু হয়েছে। দেশটির আঞ্চলিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে অন্তত ২৩ জন এবং পাকিস্তান-শাসিত কাশ্মীরে ৭ জন নিহত হয়েছেন।

প্রাদেশিক দুর্যোগ সংস্থা এএফপিকে জানায়, উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় মেঘ ভাঙনের ফলে কয়েকটি বাড়ি ধ্বংস হয়ে যায়, এতে অন্তত ১৬ জন নিহত এবং ২০ জনের বেশি মানুষ ধ্বংসস্তূপে আটকা পড়েছেন।

আবহাওয়া বিভাগ উত্তর-পশ্চিমাঞ্চলে আরও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা জানিয়ে সতর্কতা জারি করেছে এবং জনগণকে ঝুঁকিপূর্ণ এলাকায় অপ্রয়োজনীয় অবস্থান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে।

বার্ষিক বর্ষা মৌসুমে দক্ষিণ এশিয়ার মোট বৃষ্টিপাতের প্রায় ৭০ থেকে ৮০ শতাংশ হয়ে থাকে। কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এই মৌসুম প্রায়ই বড় ধরনের ক্ষয়ক্ষতি ডেকে আনে। ২০২২ সালে ভয়াবহ মৌসুমি বন্যায় পাকিস্তানের এক-তৃতীয়াংশ এলাকা ডুবে যায় এবং প্রায় ১ হাজার ৭০০ জনের মৃত্যু হয়।

সূত্র: এএফপি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights