মাত্র ১০ বছর বয়সে আন্তর্জাতিক মাস্টার খেতাব জিতলেন বোধানা শিবানন্দন

অনলাইন ডেস্ক

ইংল্যান্ডের ১০ বছর বয়সী দাবাড়ু বোধানা শিবানন্দন দাবা ইতিহাসে নতুন অধ্যায় লিখেছেন। মাত্র ১০ বছর বয়সে তিনি নারী আন্তর্জাতিক মাস্টার (WIM) খেতাব জিতে হয়েছেন এই উপাধির ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড়।

চলতি মাসের শুরুর দিকে লিভারপুলে অনুষ্ঠিত ২০২৫ ব্রিটিশ দাবা চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বোধানা আরেকটি মাইলফলক স্পর্শ করেন—গ্র্যান্ডমাস্টারকে হারানো সবচেয়ে কম বয়সী নারী দাবাড়ু হিসেবে রেকর্ড গড়েন তিনি। শেষ রাউন্ডে ৬০ বছর বয়সী গ্র্যান্ডমাস্টার পিটার ওয়েলসকে হারিয়ে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।

আন্তর্জাতিক দাবা ফেডারেশন (FIDE) জানিয়েছে, মাত্র ১০ বছর ৫ মাস ৩ দিনে বোধানার এই জয় ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের ক্যারিসা ইয়িপের ১০ বছর ১১ মাস ২০ দিনের রেকর্ড ভেঙে দিয়েছে।

এর আগে ২০২৪ সালে হাঙ্গেরিতে অনুষ্ঠিত চেস অলিম্পিয়াডে ইংল্যান্ড নারী দলে সুযোগ পেয়ে বোধানা আলোচনায় আসেন। ধারণা করা হয়, যে কোনো খেলায় আন্তর্জাতিক পর্যায়ে ইংল্যান্ডের হয়ে প্রতিনিধিত্ব করা সবচেয়ে কম বয়সী ব্যক্তিও তিনি।

নারী আন্তর্জাতিক মাস্টার খেতাব দাবায় নারীদের জন্য দ্বিতীয় সর্বোচ্চ উপাধি। এর ওপরে কেবল নারী গ্র্যান্ডমাস্টার (WGM) খেতাব রয়েছে। গ্র্যান্ডমাস্টার উপাধি দাবায় সর্বোচ্চ সম্মান, যা একবার অর্জন করলে আজীবনের জন্য বহাল থাকে।

লন্ডনের উত্তর-পশ্চিমাঞ্চলের হ্যারো শহরের বাসিন্দা বোধানা কোভিড মহামারির সময় মাত্র পাঁচ বছর বয়সে দাবা খেলতে শুরু করেন। আন্তর্জাতিক দাবা মাস্টার ম্যালকম পেইন—যিনি একটি দাতব্য সংস্থার মাধ্যমে ব্রিটেনের প্রায় আড়াই লাখ সরকারি স্কুলশিক্ষার্থীর কাছে দাবা পৌঁছে দিয়েছেন—বলেছেন, বোধানা ঐতিহ্যগতভাবে পুরুষ-প্রাধান্যশীল খেলায় মেয়েদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছেন।

তিনি বলেন, “সে অবিশ্বাস্যভাবে ধীরস্থির ও বিনয়ী, তবু দাবায় অসাধারণ প্রতিভাবান। সহজেই সে নারী বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে, এমনকি সামগ্রিক বিশ্ব চ্যাম্পিয়নও। আমি নিশ্চিতভাবে বিশ্বাস করি, সে গ্র্যান্ডমাস্টার হওয়ার পথে এগোচ্ছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights