আওয়ামী লীগ আমলের সব খুন-হত্যার বিচার করা হবে : গয়েশ্বর

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আওয়ামী লীগের আমলে সব খুন-হত্যার বিচার আমরা চাই। বিএনপি ক্ষমতায় গেলে অবশ্যই এর বিচার করবে।

গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে তারেক রহমান লড়াই করে যাচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, ‘সাম্প্রদায়িক শক্তি ও পরাজিত আওয়ামী লীগ নির্বাচনকে ভন্ডুল করার জন্য ষড়যন্ত্র করছে। সে বিষয়ে আপনাদের সতর্ক থাকতে হবে।’

আজ শনিবার রাজধানীর শাহজাহানপুরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

গয়েশ্বর বলেন, ‘দীর্ঘ ১৭ বছর দেশের সবাই নির্যাতিত, কিন্তু বেগম খালেদা জিয়ার ওপর অমানবিক নির্যাতন করা হয়েছে। তাকে গৃহহীন করা হয়েছে। খালেদা জিয়াকে তিলে তিলে মারার জন্য, এমন কোনো কাজ নেই তারা করেনি।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছাই যথেষ্ট নয়। রাজনৈতিক দলগুলোরও সদিচ্ছা থাকা দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য। নতুন নতুন উপসর্গ দেখা যাচ্ছে, সংস্কার বিচার নিয়ে, এগুলো চলমান প্রক্রিয়া।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights