শেবাচিম হাসপাতালে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক, বরিশাল
নিরাপদ কর্মস্থলের দাবিতে ৪৮ ঘণ্টার মাথায় পূর্ণ শাটডাউনে যাওয়ার আলটিমেটাম দিয়েছেন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) চিকিৎসকসহ সব স্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সোমবার দুপুরে হাসপাতালের তৃতীয় তলার সভাকক্ষে এক সংবাদ সম্মলেনের মাধ্যমে এ তথ্য জানান হাসপাতালের মিড লেভেল ডক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. শাখাওয়াত হোসেন সৈকত। তিনি বলেন, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের সব স্তরের চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট এবং চতুর্থ শ্রেণির কর্মচারীরা যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছি।

ডা. সৈকত বলেন, পূর্ণ শাটডাউনে যাওয়ার আগে সোমবার ও মঙ্গলবার হাসপাতালের সামনে নিরাপদ কর্মস্থলের দাবিতে বেলা সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত এক ঘণ্টা করে শান্তিপূর্ণ মানববন্ধন করা হবে। এ ৪৮ ঘণ্টার মধ্যে চিকিৎসক ও কর্মচারীদের ওপর হামলাকারী দোষীদের যদি গ্রেপ্তার করা না হয় তাহলে পূর্ণ শাটডাউনে যাব। তিনি বলেন, বরিশালবাসীর জনস্বাস্থ্য ও রোগীদের কথা বিবেচনা করে আমরা ৪৮ ঘণ্টা আমাদের সার্ভিস চালু রাখব। এই ৪৮ ঘণ্টার মধ্যে হাসপাতালের কোনো কর্মকর্তা ও কর্মচারী বা হাসপাতালের কোনো স্থাপনার ওপর হামলা হয়, কিংবা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, তাহলে আমরা তাৎক্ষণিক কর্মবিরতিতে যাব। আর এ জন্য দায়ী থাকবে হামলাকারীরা।

সংবাদ সম্মেলনের আগে সভাকক্ষে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. এ কে এম মশিউল মুনীরের উপস্থিতিতে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলন শেষে হাসপাতালের সামনে বান্দরোডে নিরাপদ কর্মস্থলের দাবিতে মানববন্ধন করে কর্মরত চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights