প্রীতি ম্যাচ খেলতে অক্টোবরে থাইল্যান্ডে যাবে নারী দল

অনলাইন ডেস্ক

প্রথমবারের মতো নারীদের এশিয়ান কাপের টিকিট কেটেছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। আগামী বছরের মার্চে অস্ট্রেলিয়ায় ১২দল নিয়ে বসবে এশিয়ান কাপের দশম আসর। এশিয়ান শ্রেষ্ঠত্বের আসরে প্রথমবারের মতো খেলতে নামার আগে জোর প্রস্তুতি নেবেন ঋতুপর্ণা-আফঈদারা। প্রস্তুতির অংশ হিসেবে আগামী অক্টোবরে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। যার সূচি এরই মধ্যে নিশ্চিত হয়েছে।

অক্টোবরের ফিফা উইন্ডোতে এশিয়ান কাপের প্রস্তুতি হিসেবে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাইল্যান্ডে যাবে নারী দল। আগামী ২৫ ও ২৮ অক্টোবর মাঠে গড়াতে পারে দুটি ম্যাচ। এছাড়া, নভেম্বর উইন্ডোতে ঢাকায় একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনেরও চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।

মঙ্গলবার বাফুফে ভবনে তিনি বলেন, অক্টোবর নারী ফিফা উইন্ডোতে আমরা থাইল্যান্ডে দুটি ম্যাচ খেলব। এটা চূড়ান্ত হয়েছে। নভেম্বর উইন্ডোতে আমরা ঢাকায় ত্রিদেশীয় খেলার চেষ্টা করছি। এজন্য ভিয়েতনামসহ অন্য দলগুলোকে চিঠিও দিয়েছি।

অক্টোবরে থাইল্যান্ডে দুই ম্যাচ খেলে জাপানে যাবে বাংলাদেশ দল। সেখানে কোনো ম্যাচ না খেললেও সপ্তাহ তিনেকের জন্য অনুশীলন ক্যাম্প করা হবে। এশিয়ান কাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার পথেও ম্যাচ খেলার বিষয়টি পরিকল্পনায় রেখেছে বাফুফে।

কিরণ বলেন, জাপানে আমরা কোনো ম্যাচ খেলব না। সেখানে কয়েক সপ্তাহের অনুশীলন হবে। অক্টোবরের মতো নভেম্বর উইন্ডোতেও দুটি ম্যাচ খেলব। এরপর অস্ট্রেলিয়া যাওয়ার পথে সিঙ্গাপুর-হংকং কিংবা মালয়েশিয়ায় ম্যাচ খেলতে পারি অথবা নিউজিল্যান্ডের সঙ্গেও আলোচনা হচ্ছে, সেখানে খেলে অস্ট্রেলিয়া যেতে পারি। অনূর্ধ্ব-২০ দল থাইল্যান্ডে এশিয়া কাপ খেলবে আগামী বছর মার্চে। সিনিয়র দলের সঙ্গে অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়রাও থাকবে অনুশীলন ও ম্যাচগুলোতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights