হারে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

অনলাইন ডেস্ক

এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে বেশ বাজেভাবে হারলো বাংলাদেশ। এক গোলে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত মালয়েশিয়ায় কাছে ৪-১ গোলে হেরেছে বাংলাদেশ। আশরাফুল ইসলাম বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন।

ভারতের রাজগিরের বিহার স্পোর্টস হকি স্টেডিয়ামে ম্যাচের প্রথম কোয়ার্টারে বাংলাদেশ দারুণ প্রতিরোধ দেখায়। যদিও মালয়েশিয়া বেশ কিছু সুযোগ তৈরি করে, বাংলাদেশের রক্ষণ বাধা দেয় তাদের সুবিধা নিতে। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতেই পেনাল্টি কর্নার থেকে আশরাফুল ইসলাম বাংলাদেশের জন্য গোল করেন। তবে এই লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি মশিউর রহমানের দল। ২৪ মিনিটে আশ্রান হামসানি সমতা আনে, এবং দ্বিতীয় কোয়ার্টার ১-১ সমতায় শেষ হয়।

তৃতীয় কোয়ার্টারে দুই দলই আক্রমণ চালায়। ৩৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে মালয়েশিয়ার আখিমুল্লাহ দলকে এগিয়ে দেন। বাংলাদেশ কিছুটা আক্রমণ চালালেও গোল করতে পারেনি। চতুর্থ কোয়ার্টারে আরও দুই গোল হজম করে বাংলাদেশ।

র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে ১৭ ধাপ এগিয়ে থাকা মালয়েশিয়ার ওপর ধারাভারে বাংলাদেশের হার স্বাভাবিক ছিল। ২০২২ এশিয়া কাপে এই প্রতিপক্ষের কাছে বাংলাদেশ ৮-১ গোলে হেরে যায়; ২০১৮ এশিয়ান গেমসে ৭-০ গোলে।

এবারের এশিয়া কাপে অবশ্য খেলারই কথা ছিল না বাংলাদেশের। সুযোগটা আসে পাকিস্তান নাম প্রত্যাহার করে নেওয়ায়। এই সুযোগ কাজে লাগাতে পারলে আগামী হকি বিশ্বকাপের বাছাইয়ে জায়গা করে নিতে পারবেন ওবায়দুল হোসেন-বিপ্লব কুজুররা।

আগামী বছর আগস্টে বেলজিয়াম ও নেদারল্যান্ডসে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ হকি। এশিয়া কাপের চ্যাম্পিয়ন দল সরাসরি খেলবে ১৬ দলের এই আসরে। শীর্ষ ছয়ে থাকা বাকি পাঁচ দল আগামী ফেব্রুয়ারিতে খেলবে হকির বিশ্বকাপ বাছাই।

‎১৯৮২ সালে শুরু হওয়া এশিয়া কাপে বাংলাদেশ এখন পর্যন্ত ১১ বার অংশ নিয়েছে। সর্বোচ্চ প্রাপ্তি পঞ্চম স্থান অর্জন। এবার মালয়েশিয়া ও চায়নিজ তাইপের সঙ্গে বাংলাদেশের গ্রুপে অবশ্য টুর্নামেন্টের সেরা দলও আছে, পাঁচবারের চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া।

‎নিজেদের গ্রুপের দলগুলোর মধ্যে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের (২৯তম) পরে আছে শুধু চায়নিজ তাইপে (৩৮তম)। মালয়েশিয়া র‌্যাঙ্কিংয়ে ১২তম, দক্ষিণ কোরিয়া ১৩তম। আগামীকাল দ্বিতীয় ম্যাচে চায়নিজ তাইপের মুখোমুখি হবে বাংলাদেশ, ১ সেপ্টেম্বর প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights