চবিতে শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবলের ট্রফি উন্মোচন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হচ্ছে ‘শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’। শনিবার (৩০ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডের বাস্কেটবল গ্রাউন্ডে টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করে শাখা ইসলামী ছাত্রশিবির।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম, শাখা সভাপতি মোহাম্মদ আলী, সেক্রেটারি মোহাম্মদ পারভেজ, বায়তুলমাল সম্পাদক হাফেজ মুজাহিদুল ইসলাম, অফিস সম্পাদক হাবিবুল্লাহ খালেদ, সাহিত্য ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিব ও প্রচার সম্পাদক মো. ইসহাক ভূঞা প্রমুখ।

শাখা সভাপতি মোহাম্মদ আলী বলেন, আন্তঃবিভাগীয় সম্পর্ক গড়ে তুলতে শহীদ হৃদয় চন্দ্র তরুয়া ও শহীদ ফরহাদ হোসেনের স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।

কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মুহাম্মদ ইব্রাহিম আশা প্রকাশ করে বলেন, চবি ছাত্রশিবিরের আহ্বানে শিক্ষার্থীরা সাড়া দিয়েছে। প্রতিযোগিতামূলক ও জমকালো এই আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি করবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এবারের টুর্নামেন্টে ৩২টি বিভাগ অংশ নিচ্ছে। চ্যাম্পিয়ন দল ট্রফিসহ ২০ হাজার টাকা, রানার্সআপ দল ট্রফিসহ ১৫ হাজার টাকা এবং সেমিফাইনালিস্ট দুটি দলকে ৩ হাজার টাকা করে পুরস্কৃত করা হবে। মোট পুরস্কারের পরিমাণ ধরা হয়েছে ৩৮ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয়ের এ.এফ. রহমান হল মাঠ ও আলাওল হল মাঠে অনুষ্ঠিত হবে সবগুলো ম্যাচ। আগামী ১ সেপ্টেম্বর উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে প্রতিযোগিতার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights