মানারাত কলেজে নবীনবরণ অনুষ্ঠিত
রাকিব মাজহার, জবি প্রতিনিধি :
রাজধানীর মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল ও কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার (৩১ আগস্ট)সকাল সাড়ে ১১টায় ফুয়াদ আল-খতিব অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস. এম.
মাহবুব-উল-আলম (অব.)।নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নবীনবরণ উপলক্ষে কলেজ প্রাঙ্গণকে নান্দনিকভাবে সাজানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানারাত ট্রাস্টের সম্মানিত সদস্য ও শিক্ষাবিদ অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন মানারাত ট্রাস্টের সদস্য অধ্যাপক এম. উমার আলী, ট্রাস্টের সেক্রেটারি শাহ আলম বকশি, কলেজের উপাধ্যক্ষ মিসেস তাহমীনা ইয়াসমীন ও মু. আনোয়ারুল করিম এবং ও-এ লেভেলের কো-অর্ডিনেটর রোকসানা খানম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. চৌধুরী মাহমুদ হাসান বলেন, “পৃথিবীর বড় সমস্যা হলো সৎ নেতৃত্বের অভাব। আগামী পৃথিবীর যোগ্য ও সৎ নেতৃত্ব গড়ে তুলতে হবে তোমাদেরকেই। যেখানে ন্যায়বিচার নেই, সেখানে শান্তি নেই। তাই মানারাতের শিক্ষার্থীদের শুধু মেধাবী নয়, সৎ ও আদর্শবান নাগরিক হতে হবে।”
সভাপতির বক্তব্যে অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল এস. এম. মাহবুব-উল-আলম (অব.) বলেন, “শিক্ষার্থীদের ইতিবাচক পরিবর্তনকে বরণ করে নিতে হবে। পাশাপাশি আধ্যাত্মিক মূল্যবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
