যশোরে সাপের কামড়ে ভাইয়ের মৃত্যু, বোন হাসপাতালে

যশোরের মণিরামপুরে সাপের কামড়ে আজিম নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। একই সাপের কামড়ে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে আজিমের বড় বোন হালিমা (৮)।

নিহত আজিম ও অসুস্থ হালিমা মণিরামপুর উপজেলার বিজয়রামপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।

নিহত আজিমের স্বজনদের অভিযোগ, মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যান্টিভেনম না পেয়ে ওঝার কাছে নেওয়ায় মৃত্যু হয়েছে আজিমের। তবে স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছেন, তাদের কাছে সাপে কাটা কোনো রোগী যায়নি।

নিহত আজিমের মামী রিক্তা বেগম জানান, আজিমের পরিবার মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে জামালের বাড়িতে ভাড়া থাকে। রবিবার দিবাগত রাতে আজিম ও তার বোন হালিমা ওই বাড়ির ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিল। সোমবার ভোর সাড়ে চারটার দিকে একটি সাপ আজিমের কানে ও হালিমার পায়ে কামড় দেয়। তাদের চিৎকারে বাড়ির অন্যদের ঘুম ভেঙে গেলে সাথে সাথে আজিম ও হালিমাকে মণিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে অ্যান্টিভেনম না পেয়ে মণিরামপুর উপজেলার চালকিডাঙ্গা পেয়ারাতলা গ্রামে এক ওঝার কাছে নিয়ে গেলে সেখানে মারা যায় আজিম। পরে হালিমাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক ডাক্তার আফসার আলী জানিয়েছেন, হালিমাকে অ্যান্টিভেনম দেওয়া হয়েছে। বর্তমানে সে আশঙ্কামুক্ত।

তবে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তত্ত্বাবধায়ক ডা. ফাইয়াজ আহমদ ফয়সাল নিহত আজিমের স্বজনদের অভিযোগ অস্বীকার করে বলেন, আজ জরুরি বিভাগে সাপে কাটা কোনো রোগী আসেনি। অ্যান্টিভেনমের পর্যাপ্ত সরবরাহ না থাকলেও একজনকে দেওয়ার মতো অ্যান্টিভেনম জরুরি বিভাগে রাখা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights