পলাতক অবস্থায় বিয়ে করতে এসে বিজিবি সদস্য গ্রেফতার

গোপালগঞ্জ প্রতিনিধি

পরিচয় গোপন রেখে বিয়ে করতে এসে গোপালগঞ্জের কাশিয়ানীতে গ্রেফতার হয়েছেন মো. সাজ্জাদ ভুঁইয়া (২৪) নামে এক পলাতক বিজিবি সদস্য। সোমবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভাটিয়াপাড়া গোলচত্বর এলাকা থেকে যৌথবাহিনী তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত সাজ্জাদ ভুঁইয়া নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কুন্দশী গ্রামের গোলাম রহমান ভুঁইয়ার ছেলে। তিনি ৫৩ বিজিবি, চাঁপাইনবাবগঞ্জে কর্মরত ছিলেন এবং গত ১ জুলাই থেকে বিনা ছুটিতে অনুপস্থিত ছিলেন। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল।

কাশিয়ানী আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, সাজ্জাদ ভুঁইয়া গোপালগঞ্জ সদরের মিয়াপাড়ার এক তরুণীকে বিয়ে করার উদ্দেশ্যে কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে আসেন। এ সময় মেয়ের আত্মীয়স্বজনরা তার পরিচয় ও কর্মস্থল সম্পর্কে জানতে চাইলে তার কথাবার্তায় অসঙ্গতি ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হলে তারা কাশিয়ানী আর্মি ক্যাম্পে খবর দেন।

খবর পেয়ে আর্মি ক্যাম্পের কমান্ডার ঘটনাস্থলে গিয়ে সাজ্জাদের পরিচয় যাচাই করেন এবং ৫৩ বিজিবির সঙ্গে যোগাযোগ করে তার পলাতক থাকার বিষয়টি নিশ্চিত হন। পরে সাজ্জাদকে আটক করে কাশিয়ানী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, গ্রেফতারকৃত বিজিবি সদস্য সাজ্জাদ ভুঁইয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights