রিটকারী ছাত্রীকে ‘গণধর্ষণে’র হুমকিদাতা আলী হুসেনকে বহিষ্কার

অনলাইন ডেস্ক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এক নারী প্রার্থীকে দলবদ্ধ ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে হুমকিদাতা ওই শিক্ষার্থীর নাম আলী হুসেন। তিনি সমাজবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। ওই হুমকির বিষয়ে গঠিত তদন্ত কমিটির সুপারিশে আলী হুসেনকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) জনসংযোগ দফতর এ তথ্য নিশ্চিত করেছে।

জনসংযোগ দফতর জানায়, কুরুচিপূর্ণ ভাষায় আক্রমণ ও হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী আলী হুসেনকে বিশ্ববিদ্যালয় থেকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এ বিষয়ে গঠিত প্রক্টরিয়াল সত্যানুসন্ধান কমিটির সুপারিশের আলোকে তাঁকে বহিষ্কারের এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, এটি বিশ্ববিদ্যালয় অর্ডারে প্রদত্ত প্রক্টরের এখতিয়ারভুক্ত সর্বোচ্চ শাস্তি। তিনি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের শিক্ষার্থী। একই সঙ্গে আলী হুসেনের বিরুদ্ধে আনীত অভিযোগটি বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়নবিষয়ক কমিটিতে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights