এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেবে সরকার

অনলাইন প্রতিবেদক

প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, আইসিটি থেকে জুলাই যোদ্ধাসহ এক লাখ শিক্ষার্থীকে ডিজিটাল স্কিলস প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীদের পরামর্শ নিয়ে আমরা এ প্রশিক্ষণকে সময়োপযোগী করতে চাই। এআই এবং জেনারেটেড এআই সম্পর্কে জ্ঞান অর্জন করতে না পারলে আমরা দেশে এবং আন্তর্জাতিকভাবে পিছিয়ে যাব।

বুধবার রংপুরে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের আঞ্চলিক কার্যালয়ে জুলাই যোদ্ধাদের কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ডিজিটাল মার্কেটিং বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচি উদ্বোধনকালে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, রংপুরের মানুষের আত্মত্যাগের কথা আমি শ্রদ্ধাভরে স্মরণ করি। তাই আমরা রংপুর থেকে এ প্রশিক্ষণ শুরু করেছি। বিগত রাজনৈতিক সংস্কৃতির কারণে রংপুর পিছিয়ে পড়েছে। তাই প্রযুক্তিতে এ অঞ্চলকে এগিয়ে নেওয়ার জন্য আইসিটির করণীয় নির্ধারণের পাশাপাশি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে সাথে নিয়ে কীভাবে এগিয়ে যাওয়া যায়, তা ভাবা হচ্ছে।

প্রশিক্ষণ আয়োজনের বিষয়ে তিনি বলেন, জুলাই যোদ্ধাদের নিয়ে প্রশিক্ষণ শুরু হয়েছে এবং পাশাপাশি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। স্কুল কলেজে প্রথম ধাপে ৪২ ঘণ্টার আইসিটি বিষয়ক প্রশিক্ষণ হবে। এ প্রশিক্ষণের লার্নিং নিয়ে দ্বিতীয় ধাপে উন্নততর প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণে মাদ্রাসাগুলোকে যুক্ত করা হবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলেন, এই প্রকল্পের মাধ্যমে ১০টি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ১০টি আরআইসি ল্যাব স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে শিক্ষার্থীদের বিভিন্ন গবেষণা করার সুযোগ তৈরি হবে। এছাড়া, আমরা ভ্রাম্যমাণ আইসিটি ল্যাবের পরিকল্পনা গ্রহণ করেছি। এতে গাড়িতে প্রশিক্ষণের সুবিধা থাকবে। মানুষ যেখানে অবস্থান করবে সেখানে গিয়ে ট্রেনিং দেওয়া হবে।

সভাপতির বক্তব্যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের নির্দেশনায় শহীদ আবু সাঈদের ভূমি থেকে আমরা এ প্রশিক্ষণ শুরু করেছি। ডিজিটাল ট্রান্সফরমেশনের যে স্বপ্ন আমরা দেখছি, তার সাথে জুলাই যোদ্ধাদের সম্পৃক্ত করতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল আয়োজিত রংপুর বিভাগের জুলাই যোদ্ধাদের জন্য সাত দিনব্যাপী আইসিটি প্রশিক্ষণে প্রথম পর্যায়ে ২০ জনকে কম্পিউটার ফান্ডামেন্টাল এবং ২০ জনকে ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পর্যায়ক্রমে এ প্রশিক্ষণ দেশব্যাপী ছড়িয়ে দেওয়া হবে।

এর আগে, ১৬ আগস্ট থেকে টাঙ্গাইলের গোরস্থান জামিয়া ইসলামিয়া দারুস-সুন্নাহ মাদরাসার ১৬০ জন শিক্ষার্থী নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে চট্টগ্রাম, কুমিল্লা ও টাঙ্গাইল জেলার মোট ৭৪০ জন মাদ্রাসা শিক্ষার্থী এ কর্মসূচির আওতায় প্রশিক্ষিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights