জবি হল প্রভোস্টের আচরণে নিন্দা প্রকাশ ছাত্রদলের সাবেক সভাপতির
রাকিব মাজহার, জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরার বক্তব্যের নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম। সম্প্রতি বই চুরির সংবাদ প্রকাশকে কেন্দ্র করে প্রভোস্ট সাংবাদিককে হুমকি দেন এবং ছাত্রলীগের প্রশংসা করে বিতর্কিত মন্তব্য করেন।
মো. আসাদুজ্জামান আসলাম বলেন, “একজন বিশ্ববিদ্যালয়ের প্রভোস্টের মুখে এ ধরনের অশোভন ও হুমকিমূলক বক্তব্য শুধু নিন্দনীয় নয়, বরং বিশ্ববিদ্যালয়ের পরিবেশের জন্য মারাত্মক হুমকি। সাংবাদিকদের হুমকি দিয়ে সত্যকে চাপা দেওয়া যাবে না। ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রশংসা করে তিনি আসলে কোন মানসিকতা বহন করছেন তা স্পষ্ট হয়েছে।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করার দায়িত্ব যার, সেই প্রভোস্ট যদি দমননীতি সমর্থন করেন, তাহলে বিশ্ববিদ্যালয় কীভাবে নিরাপদ থাকবে? আমরা এ ঘটনার বিচার চাই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, প্রভোস্টের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হোক।”
এর আগে দৈনিক দেশ রূপান্তর-এ প্রকাশিত বই চুরির প্রতিবেদন নিয়ে ক্ষুব্ধ হয়ে প্রভোস্ট আঞ্জুমান আরা বলেন, “আগে ছাত্রলীগ ছিলো না? তারাই ভালো ছিলো, ধরে ধরে পিটাইতো— ঐটাই ঠিক ছিল।”
এ ছাড়া সাংবাদিক ফাতেমা আলীকে উদ্দেশ্য করে তিনি রাত ১২টায় হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়ে হলের শৃঙ্খলা কমিটির সভায় হাজির হওয়ার নির্দেশ দেন।
