এবার নজর জাকসু, রাত পোহালেই নির্বাচন

অনলাইন প্রতিবেদক

এবার নজর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের দিকে। আগামীকাল বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হবে। ইতিমধ্যে প্রার্থীদের নির্বাচনী প্রচার শেষ হয়েছে।

শেষ প্রচারের দিনে দেখা গেছে, ছাত্রদল সমর্থিত প্যানেল, ছাত্রশিবির সমর্থিত সমন্বিত শিক্ষার্থী জোট প্যানেল, স্বতন্ত্র প্রার্থীদের স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন প্যানেল, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্ট সমর্থিত প্যানেল এবং প্রগতিশীল শিক্ষার্থীদের একাংশের সম্প্রীতির ঐক্য প্যানেল সক্রিয় প্রচারণা চালিয়েছে। শেষ মুহূর্ত পর্যন্ত বেশিরভাগ প্রার্থী মাঠে ছিলেন।

দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এবারের জাকসু নির্বাচনের সঙ্গে একই দিনে বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলের সংসদ নির্বাচনও অনুষ্ঠিত হবে। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৯১৯। জাকসুর ২৫টি পদে ১৭৮ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে নির্বাচনের শেষ দিনে ডোপ টেস্ট নিয়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের প্রার্থীদের নমুনা সংগ্রহ করা হয়। প্রার্থীরা এই বাধ্যতামূলক ডোপ টেস্টের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, তবে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের ১০ দিন পরে এবং ভোটের মাত্র দুইদিন আগে কার্যক্রম গ্রহণকে নির্বাচন কমিশনের অদূরদর্শী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেছেন।

এছাড়া, সম্প্রীতির ঐক্য প্যানেলের সহসভাপতি (ভিপি) পদে প্রার্থী অমর্ত্য রায়-কে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি দিতে হাইকোর্টের আগে দেওয়া আদেশ আট সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদন বিবেচনায় বিকেল ৫টায় আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হক এই আদেশ দেন।

এর আগে ৬ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অমর্ত্য রায়ের প্রার্থিতা বাতিল করে, যা হাইকোর্ট রুলের মাধ্যমে স্থগিত হয়েছিল। আপিল বিভাগে শুনানিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ শিশির মনির, আর অমর্ত্য রায়ের পক্ষে ছিলেন আইনজীবী মানজুর আল মতিন ও তাপস বন্ধু দাস।

এবারের জাকসু নির্বাচনে রাত পোহালেই শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবেন, যা বিশ্ববিদ্যালয় জীবনের দীর্ঘ ৩৩ বছরের ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক অনুষ্ঠান হিসেবে বিবেচিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights