‘শাপলা-গণহত্যায় শহীদদের জন্য রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে’

অনলাইন প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও শাপলা স্মৃতি সংসদের চেয়ারম্যান মাওলানা মামুনুল হক বলেছেন, যেভাবে একাত্তরের এবং চব্বিশের শহীদদের পরিবারের জন্য সরকারিভাবে ভাতা প্রদান করা হয়, ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ভিত্তি গড়ে তোলা শাপলার শহীদদের জন্যও রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় নিয়মিত ভাতা প্রদান করতে হবে।

শুক্রবার বিকাল সাড়ে ৩টায় রাজধানীর মুহাম্মদপুরস্থ হলি উম্মাহ মিলনায়তনে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’র নিয়মিত মাসিক সহায়তা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ২০১৩ সালের শাপলা গণহত্যায় নিহত শহীদ পরিবারকে নিয়মিত মাসিক সহায়তা প্রদানের উদ্দেশ্যে শাপলা স্মৃতি সংসদের তত্ত্বাবধানে ‘শাপলা শহীদ গার্ডিয়ান্স ফোরাম’ গঠিত হয়েছে।

মামুনুল হক বলেন, শাপলার এই অবিনাশী চেতনাকে যথাযোগ্য মর্যাদায় আগামী প্রজন্মের কাছে তুলে ধরা এবং জাতিকে স্বাধীন ধর্মীয় চিন্তার সুযোগ করে দিতে ও অরক্ষিত দেশকে সুরক্ষিত করার আন্দোলনে জীবন দিয়ে ত্যাগ স্বীকার করা শহীদদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে শাপলা স্মৃতি সংসদ ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করে চলেছে।

অনুষ্ঠানে বেশ কয়েকজন শহীদ পরিবারের হাতে সহায়তা তুলে দেওয়া হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এ কার্যক্রম ধাপে ধাপে অন্যান্য শহীদ পরিবারগুলোকেও অন্তর্ভুক্ত করবে এবং ইনশাল্লাহ নিয়মিত মাসিক সহায়তা অব্যাহত থাকবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শাপলা স্মৃতি সংসদের পরিচালনা পর্ষদের সদস্য মাওলানা আতাউল্লাহ আমীন, নির্বাহী সভাপতি মাওলানা আবুল হাসানাত জালালী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াস হামিদী, প্রচার সম্পাদক মাওলানা সালাহুদ্দীন মাসউদ ও মিডিয়া সম্পাদক মাওলানা আরিফুর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, শহীদ পরিবারের প্রতি দায়িত্ব ও কর্তব্যবোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শাপলা স্মৃতি সংসদ শুরু থেকেই আহত ও শহীদ পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এই কার্যক্রম আরও শক্তিশালীভাবে চলবে ইনশাল্লাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights